ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাতীয় পার্টি- জেপি বলেছে, বর্তমান পদ্ধতি অকার্যকর নয়; তবে নতুন আইন হলেও তাদের আপত্তি নেই।
নির্বাচন কমিশন গঠন নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সোমবার বেলা ১২টার দিকে বঙ্গভবনে জাতীয় পার্টি-জেপির (আনোয়ার হোসেন মঞ্জু) নেতাদের সঙ্গে বসেন। চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে দলটির ১২ সদস্যের প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেয়।
সংলাপ শেষে দুপুর ১টার দিকে মঞ্জু সাংবাদিকদের বলেন, “ইসি নিয়োগ নিয়ে সংবিধানের বিদ্যমান পদ্ধতিকে আমরা অকার্যকর মনে করি না। এখন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ দেন। এ পদ্ধতি অকার্যকর নয়। এর অধীনে আমি পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি।”
“তবে সংবিধানের আলোকে নতুন পদ্ধতি যদি করা হয় তাতে আমাদের আপত্তি নেই”, যোগ করেন এই সাবেক মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিরোধী দল বএনপিরও এ সংলাপে আসা উচিৎ।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন।
এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। প্রথম দিন তিনি জাতীয় পার্টি (এরশাদ) ও জাসদের মতামত শোনেন।
নতুন নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক পদের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন এবং একটি বিধিমালা প্রণয়ন করে তা অনুসরণের প্রস্তাব দিয়েছে এই দল দুটি।
সংলাপের দ্বিতীয় দিন প্রথমে রাষ্ট্রপতি বসেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে। দলটির সভাপতি রাশেদ খান মেনন পরে সাংবাদিকদের জানান, নতুন নির্বাচন কমিশন নিয়োগে সংবিধান অনুযায়ী
আইন করার প্রস্তাব দিয়েছে তার দল।
মঙ্গলবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সঙ্গে সংলাপ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, রাষ্ট্রপতির আমন্ত্রণ পাওয়ার পরই তারা এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। তবে রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রী নিজেই এ সংলাপের উদ্যোগ নিলে আরো ভালো হতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৫২৭ ঘ.
bdnews24