ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন দলের মত জানতে রাষ্ট্রপতির সংলাপের মধ্য দিয়ে পদটিকে ‘বিতর্কিত’ করা হচ্ছে বলে দাবি করেছে বিএনপি।
দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন করার দায়িত্ব রাষ্ট্রপতির নয়। কমিশন পুনর্গঠনের জন্য রাষ্ট্রপতিকে দিয়ে সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থা করিয়ে রাষ্ট্রপতির পদকে বির্তকিত করা হচ্ছে।”
জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ‘বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনদুর্ভোগ’ শিরোনামের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি। এ প্রেক্ষিতে নতুন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য সদস্য নিয়োগে রাজনৈতিক দলগুলোর মত জানতে গত বৃহস্পতিবার থেকে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি।
মির্জা ফখরুল বলেন, “সংবিধানের ৪৮ (৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ করতে পারে। আর অন্য সবই নির্বাহী প্রধানের পরামর্শক্রমে হয়ে থাকে।”
“বিভিন্ন পত্রিকায় মত এসেছে, নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজটি রাষ্ট্রপতির নয়। তাই ওই মর্যাদার পদটি বির্তকিত করা উচিৎ নয়। আমরাও এর সঙ্গে একমত,” বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
হানিফকে সংবিধান পড়ার পরামর্শ
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, “দয়া করে আপনি (হানিফ) পড়াশোনা করুন। সংবিধান পড়ে মন্তব্য করুন।”
রাষ্ট্রপতির সংলাপে যোগ দেওয়ার বিষয়ে এখনো স্পষ্ট কিছু না জানানো দল বিএনপির মুখপাত্র মির্জ ফখরুল বৃহস্পতিবার বলেন, “কী মতলবে রাষ্ট্রপতিকে দিয়ে এই সংলাপ করানো হচ্ছে, কেন রাষ্ট্রপতি এ উদ্যোগ নিয়েছেন, তা আমাদের কাছে বোধগম্য নয়।”
ফখরুলের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে শুক্রবার হানিফ বলেন, “রাষ্ট্রপতির উদ্যোগ নিয়ে তার বক্তব্যের নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। আমি তাকে ধিক্কার জানাই। তিনি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।”
‘বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব অর্থনীতিতে পড়বে’
আলোচনায় মূল প্রবন্ধে সাবেক বিদ্যুৎ সচিব প্রকৌশলী আনহ আখতার হোসেইন বলেন, “একটি বিশেষ গোষ্ঠীকে লাভবান করতেই সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। কুইক রেন্টাল পাওয়ার প্রকল্পখাতে সরকার প্রতিবছর সাড়ে ৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।”
গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম গড়ে দুই ধাপে ২১ দশমিক ২৮ শতাংশ বাড়িয়ে গত বৃহস্পতিবারয় ৪ টাকা ১৬ পয়সা থেকে ৫ টাকা ২ পয়সা নির্ধারণ করে বিইআরসি।
বর্ধিত দাম প্রথম দফায় ১ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হয়। দ্বিতীয় দফায় বর্ধিত দাম আগামী ১ ফেব্র“য়ারি থেকে কার্যকর হবে।
মির্জা ফখরুল বলেন, “কেবল ক্ষমতাসীনদের লুটপাট ও দুর্নীতির জন্য সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।”
যুদ্ধাপরাধীর বিচার বন্ধ করতে বিরোধী দল আন্দোলন করছে- ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার এ ধরনের বক্তব্যকে ‘অপপ্রচার’ হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, “বিএনপি গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছে। এর সঙ্গে যুদ্ধাপরাধের বিচারের কোনো সর্ম্পক নেই।”
সংগঠনের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আজম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপিকা জিন্নাতুন নেসা তাহমিনা বেগম, আনবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল আজিজ, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খলিলুর রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অ্যাসোসিয়েশন অব এগ্র্রিকালচারিস্টের (এ্যাব) সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা সভা পরিচালনা করেন পেশাজীবী সম্মিলিত পরিষদের সদস্য সচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৩৬ ঘ.
bdnews24