কিশোরগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আদালতের নির্দেশনা পেলেই গ্রেপ্তার করা হবে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে।
কিশোরগঞ্জের ভৈরবে শনিবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, “গোলাম আযমকে গ্রেপ্তারের জন্য আদালতে দরখাস্ত দেওয়া হয়েছে।”
গোলাম আযমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ গ্রহণ এবং তাকে গ্রেপ্তারের আদেশ দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত আগামী ২৬ ডিসেম্বর জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের বিরুদ্ধে ৫২টি ঘটনায় শতাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন বিভাগ।
“বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করছে” মন্তব্য করে মন্ত্রী বলেন, “তাই সারা দেশে কর্মসূচির নামে জ্বালাও পোড়াও কর্মকাণ্ড চালানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যুদ্ধাপরাধীসহ দুর্নীতিবাজ ও বিদেশে টাকা পাচারকারীদের রক্ষায় রোড মার্চের নামে গাড়ি বহর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিরোধীদলীয় নেত্রী।”
শনিবার দুপুরে ভৈরবে স্থানীয় দৈনিক গৃহকোণ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি-জামায়াত নেতারা যুদ্ধাপরাধী নন- বিভিন্ন সময়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা এ মন্তব্য প্রসঙ্গে সাহারা বলেন, “খালেদা জিয়া বলেছেন, ‘দেশে যুদ্ধাপরাধী নেই’। তিনি জানবেন কী করে, তিনি তো যুদ্ধ চলাকালীন সময়ে ক্যান্টনমেন্টে ছিলেন।”
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযম ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আগে বাংলাদেশ ছাড়েন। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ওই দিন স্বাধীনতা লাভ করে বাংলাদেশ।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে তাদের জন্য অনুকূল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলে ১৯৭৮ সালে দেশে ফেরেন গোলাম আযম। তবে ১৯৮১ সালে ফেব্র“য়ারি মাসে একবার বায়তুল মোকাররম মসজিদে জুতাপেটার সম্মুখীন হয়েছিলেন তিনি। পরে গোলাম আযম জামায়াতের আমিরের দায়িত্ব নেন।
অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া প্রতিবেদনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলেছে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ শুরুর তিন দিনের মাথায় খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের শান্তি কমিটি হয়। এর দৈনন্দিন কাজ তদারক করতে ৬ সদস্যের একটি কমিটি করা হয়।
ওই কমিটিতে ২ নম্বরে গোলাম আযমের নাম ছিলো বলে উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদনে।
যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর বর্তমান আমীর, একজন নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, দুই সহকারী সেক্রেটারি জেনারেল আটক রয়েছেন। এছাড়া বিএনপির দুই নেতা একই অভিযোগে আটক থাকলেও তাদের একজন শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/পিডি/১৭২৭ ঘ.
bdnews24