২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে রাষ্ট্রপতিকে মনে হয়েছে আন্তরিক: এরশাদ

রাষ্ট্রপতি সবার মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনে আন্তরিক বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

বগুড়া, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি সবার মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনে আন্তরিক বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়ার পরদিন শুক্রবার বগুড়ায় সাংবাদিকদের তিনি বলেছেন, “প্রেসিডেন্টের সংলাপ আন্তরিক মনে হয়েছে।” বর্তমান নির্বাচন কমিশনের বিদায়ের দুই মাস আগে বৃহস্পতিবার থেকে সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তবে এই সংলাপে যাবে কি না, তা এখনো স্পষ্ট করে বলেনি প্রধান বিরোধী দল বিএনপি। এরশাদ বলেন, “নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আমাদের কাছে নাম চাওয়া হয়েছে। এখনো আমরা কোনো নাম দিইনি, তবে সাজেশন দেবো। তা সরকার কীভাবে নেবে, সেটা তাদের ব্যাপার।” বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাকে পুনর্বহালের প্রস্তাব জাতীয় পার্টি দেবে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার সামসুল হুদা বিগত নির্বাচন সুষ্ঠভাবেই করেছেন। তাই আমরা বলেছিলাম, বর্তমান নির্বাচন কমিশনারদের মধ্যে তিনি বিতর্কের ঊর্ধ্বে।” তিস্তা অভিমুখে জাতীয় পার্টির লং মার্চের আগে রংপুরে প্রস্তুতি সভায় যোগ দিতে ঢাকা থেকে যাওয়ার সময় বগুড়া পর্যটন মোটেলে যাত্রা বিরতি করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। সেখানে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়। ঢাকা-তিস্তা লং মার্চ সফলে শনিবার উত্তরাঞ্চলে দলের ১৬ জেলার নেতাদের নিয়ে রংপুরে বৈঠক করবেন এরশাদ। এতে লং মার্চের জনসভার স্থানও নির্ধারণ হবে। এরশাদ বলেন, “লং মার্চ একটি প্রতিবাদ মাত্র। তিস্তার পানির নায্য হিস্যা এখনো আমরা পাইনি। প্রধানমন্ত্রী বলেছিলেন, তিন মাসের মধ্যে চুক্তি হবে। কিন্তু ছয় মাসেও সেই চুক্তি (তিস্তার পানিবণ্টন) হয়নি।” বর্তমানে মহাজোটে থাকলেও আগামী নির্বাচনে এককভাবে অংশ নিতে জাতীয় পার্টি প্রস্তুতি নিচ্ছে বলে আবারও জানান তিনি। বিএনপি নির্বাচনে গেলেও জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে কি না- জানতে চাওয়া হলে এরশাদ সরাসরি বলেন, “তবুও জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।” সরকারেরর ঢাকা সিটি কর্পোরেশন বিভক্ত করার সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন না জাতীয় পার্টি চেয়ারম্যান। “তবুও যখন আইন হয়েছে, তাই তার বিরোধিতা করা ঠিক হবে না। জাতীয় পার্টির ওই নির্বাচনে প্রার্থী দেবে,” বলেন তিনি। রংপুরের পথে এরশাদের সফরসঙ্গী রয়েছেন- জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বগুড়া জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর ও ছাত্রসমাজ নেতা আব্দুস সালাম বাবু। ছেলে এরিখও রয়েছেন তার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪১ ঘ.