ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের বাধার ঘটনায় বিএনপির অভিযোগের জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিরোধীদল রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করায় পুলিশ বাধা দিয়েছে।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা বলতে পারেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার আপনাদের কার্যক্রমে বাঁধা দিয়েছে। তবে আপনারা ১৮ ডিসেম্বর কি করতে চেয়েছিলেন তার প্রমাণ আমাদের গোয়েন্দা রিপোর্টে আছে।”
১৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আসা কর্মীদের লাঠিপেটা করে বের করে দেয় পুলিশ। এরপর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে। ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়। সিলেটে পুড়ে মারা যান এক বাসযাত্রী।
বিএনপির অভিযোগ, তাদের অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে সরকার এসব করিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজধানী অচল করে দিতে সেদিন ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক লোক জমায়েত করার পরিকল্পনা করেছিল বিএনপি।
ওইদিনের সহিংসতায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে কামরুল বলেন, “সেদিন তারা কি করেছে জাতি তা দেখেছে। এর আগে, যখন তারা রোডমার্চ কর্মসূচি পালন করেছে তখন তো তাদের বাধা দেওয়া হয়নি। বরং আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা দিয়েছে।”
বিরোধীদলের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার কারণেই পুলিশ তাদের বাধা দিয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে বসে আঙুল চুষবে- এমন ভাবার কোনো কারণ নাই। কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য বিরোধীদলকে ছাড় দেওয়া হবে না।”
যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই বিরোধী দলের এ সহিংসতা- এমন মন্তব্য করে কামরুল বলেন, “আপনারা যতোই চেষ্টা করুন যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততম সময়েই হবে। প্রয়োজনে আরো একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে।”
একাত্তরে হত্যা, লুটপাট ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর শীর্ষ পাঁচ নেতা এবং বিএনপির দুই জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
কামরুল বলেন, “বিরোধীদল যুদ্ধাপরাধীদের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে আমি তাদের বলতে চাই, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত এ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের। পৃথিবীতে যতোগুলো ট্রাইব্যুনাল রয়েছে- তার মধ্যে এ ট্রাইব্যুনাল সবচেয়ে আধুনিক। আমরা অপরাধীদের স্বচ্ছ বিচার করবো।”
বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ পুনর্বাসন কেন্দ্র আয়াজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক এ আলোচনা সভায় অন্যদের মধ্যে প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সহকারী অ্যাটর্নি জেনারেল নুরজাহান বেগম মুক্তা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৫৩০ ঘ.
bdnews24