নরসিংদী, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মেয়র নির্বাচনে নিহত লোকমান হোসেনের ভাইয়ের সঙ্গে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের এই নেতার হত্যাকাণ্ডের আসামিও।
মেয়র লোকমান মারা যাওয়ায় শূন্য নরসিংদী পৌরসভার মেয়র পদে আগামী ১৯ জানুয়ারি ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, শেষ দিন পর্যন্ত মেয়র পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে নয় জন আওয়ামী লীগের নেতা-সমর্থক এবং তিন জন বিএনপির। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলই কাউকে সমর্থন দেয়নি।
প্রার্থীদের মধ্যে রয়েছেন নিহত মেয়র লোকমানের ছোট ভাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান, যিনি ভাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেছেন।
ওই মামলার আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াও মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা দুজনই দলীয় সমর্থন পাওয়ার আশা করছেন।
কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ভাই লোকমান হোসেন দলীয় সমর্থনে দু’বার মেয়র নির্বাচিত হয়েছিলেন। দলীয় সমর্থন পেতে আমি শতভাগ প্রত্যাশী।”
মোন্তাজ উদ্দিনের বড় ভাই মোস্তাক হোসেন ভূঁইয়া বলেন, “আমার ভাই মোন্তাজকে ষড়যন্ত্রমূলকভাবে মেয়র লোকমান হত্যা মামলার আসামি করা হয়েছে। আমার ভাই ক্লিন রাজনীতি করেন।”
মনোনয়নপত্র দাখিল করা অন্যরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শহর আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন ভূইয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকা, সাবেক ফুটবলার ও আওয়ামী লীগ নেতা সুভাষ সাহা, সুইডেন শাখা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ সমর্থক অ্যাডভোকেট আরিফুল ইসলাম, আওয়ামী লীগ সমর্থক আফজাল হোসেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, প্রয়াত সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদ এছাকের ছেলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোছাব্বির আহমেদ নাসির ও জেলা বিএনপির সদস্য সারোয়ার খাঁন।
গত ১ নভেম্বর রাতে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান। স্থানীয় সরকার বিধি অনুযায়ী, নির্বাচন কমিশন ওই দিন থেকেই মেয়র পদ শূন্য ঘোষণা করে।
নির্বাচন কমিশন ১৩ ডিসেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৭ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৪ জানুয়ারি পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/এমআই/২১৩৫ ঘ.
bdnews24