২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন জিয়া: মুহিত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাত্তরে শেষ হয়ে যাওয়া জামায়াতকে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

সিলেট, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাত্তরে শেষ হয়ে যাওয়া জামায়াতকে পুনরায় প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে বিজয়ের ৪০ বছর পূর্তি ও দেশব্যাপী বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন মুহিত। তিনি বলেন, “এদেশে জামায়াত ছিল না, একাত্তরে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু জিয়াউর রহমান জামায়াতকে পুনঃপ্রতিষ্ঠা করেন। এখন খালেদা জিয়া জামায়াতকে রক্ষার দায়িত্ব নিয়েছেন। তিনি বিএনপির নয়, জামায়াতের নেত্রী।’’ চলতি সপ্তাহে রাজধানী ও সিলেটে আকস্মিক চোরগোপ্তা বোমাবাজি প্রসঙ্গে সিলেট সদর আসনের এ সাংসদ বলেন, “যারা মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে তাদের আমি ধিক্কার জানাই। এমন রাজনীতিতে থুথু দেই।” রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গত ১৮ ডিসেম্বর বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আগতদের সকালে পুলিশ লাঠিপেটা করে বের করে দেয়। এর পর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে। ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়। সিলেটে পুড়ে মারা যায় এক বাসযাত্রী। ওই বোমাবাজির জন্য সরকার ও বিরোধী দল পরস্পরকে দায়ী করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/২৩৫৩ ঘ.