২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাষ্ট্রপতিকে দিয়ে সংলাপ কোন মতলবে’

প্রধান বিরোধী দল বিএনপি বলছে, নতুন নির্বাচন কমিশন নিয়োগে প্রধানমন্ত্রীরই সংলাপের উদ্যোগ নেওয়া উচিৎ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন নিয়োগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটি বলছে, রাষ্ট্রপতিকে না জড়িয়ে প্রধানমন্ত্রীরই এ উদ্যোগ নেওয়া উচিৎ ছিল। তবে বিএনপি এ সংলাপে যাবে কি না- তা এখনই বলতে রাজি নন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচন কমিশন ও কমিশনারদের নিয়োগের এই উদ্যোগ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির নয়। কারণ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবেন। রাষ্ট্রপতি তা অনুমোদন দেবেন।” “কি মতলবে রাষ্ট্রপতিকে দিয়ে এই সংলাপ করানো হচ্ছে, কেন রাষ্ট্রপতি এ উদ্যোগ নিয়েছেন- তা আমাদের কাছে বোধগম্য নয়”, যোগ করেন ফখরুল। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন। এ বিষয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মতামত নিতে বৃহস্পতিবার বঙ্গভবনে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। প্রথম দিন জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল তাদের মতামত রাষ্ট্রপতির কাছে তুলে ধরে। পর্যায়ক্রমে অন্যন্য দলের সঙ্গেও বসার কথা রয়েছে রাষ্ট্রপতির। আমন্ত্রণ পেলে বিএনপি সংলাপে যাবে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আমরা এখনো রাষ্ট্রপতির চিঠি পাইনি। চিঠি পাওয়ার পর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখনই ‘না’ বলছি না। চিঠিতে কি লেখা আছে, সে বিষয়ে আমরা জানি না। চিঠি পাওয়ার পরই আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।” যেভাবে এ সংলাপ ডাকা হয়েছে তার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “রাষ্ট্রপতি হাইলি রেসপেক্টেড পার্সন। তিনি রাজনৈতিক বিষয় নির্ধারণ করেন না। যাদের হাতে নির্বাহী ক্ষমতা আছে, তারা এই উদ্যোগ নিলে ভালো হতো। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার সাহেবও বলেছেন, এই সংলাপ ফলোপ্রসূ হবে না।” বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার সংলাপের এ উদ্যোগকে স্বাগত জানালেও কয়েকদিন আগে সংলাপের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত প্রস্তাবিত খসড়া নিয়ে এর আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিলো বর্তমান ইসি। তাতে বিরোধী দলের অংশ না নেওয়ার বিষয়টি ধরেই যে তার এই সংশয়, তা স্পষ্ট। বর্তমান নির্বাচন কমিশনে সদস্য সংখ্যা তিন হলেও পঞ্চদশ সংবিধান সংশোধনে সিইসিসহ সর্বোচ্চ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। এর আগে সর্বোচ্চ কত সদস্যের ইসি থাকতে পারবে, সে বিষয়ে কোনো নির্দেশনা ছিলো না। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ১৯ জন নির্বাচন কমিশনার ও ১০ জন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৩৫ ঘ.