ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরঞ্জিত সেনগুপ্ত এবং ওবায়দুল কাদেরের মন্ত্রী হওয়া নিয়ে রসিকতা করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাাসিম।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি হাসতে হাসতে বলেন, “ডিআরইউতে প্রোগ্রাম করে করে অনেকে মন্ত্রী হয়ে গেছেন। তাই ভাবলাম অনুষ্ঠানে কম যাওয়াই ভালো। তাই বেশ কয়েকদিন পর ডিআরইউতে অনুষ্ঠানে যোগ দিলাম।”
আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং সংসদে এক সময়ের বিরোধীদলীয় প্রধান হুইপ নাসিম নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত যে দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত এবং সভাপতিমণ্ডলীর সদস্য কাদেরের দিকে, তা স্পষ্ট।
গত মাসে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার আগে বেশ কয়েকটি আলোচনা সভায় সুরঞ্জিতও কাদের সরকারকে আরো দক্ষভাবে পরিচালনার কথা বলে আসছিলেন।
বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য এম মনসুর আলীর ছেলে নাসিম শেখ হাসিনার গত সরকারে যখন স্বরাষ্ট্র ও টেলি যোগাযোগমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন কাদের ছিলেন প্রতিমন্ত্রী। আর সুরঞ্জিত ছিলেন মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
মহাজোট সরকারকে সতর্ক করে নাসিম বলেন, “ সরকারে থাকলে দলের শক্তি কমে যায়। সব কাজ কিন্তু প্রশাসন দিয়ে করা যাবে না। বিপদ এলে অনেকেই পালিয়ে যাবে। অনেকে নতুন করে সংস্কার শুরু করবে।”
সাবেক রাষ্ট্রপতি মো. ইয়াজউদ্দিন আহম্মেদ, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সেনাপ্রধান মইন উ আহমেদ গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছিলো বলে মন্তব্য করেন নাসিম।
তিনি সেই সঙ্গে বলেন, “সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনও শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন। অথচ সরকার তাকে অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
“মাসুদ উদ্দিনকে চাকরিচ্যুত করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নইলে এরা আবারো এ ধরনের কাজ করবে।”
‘বিএনপি-জামায়াত-শিবিরের গুপ্তহত্যা, গুম ও যুদ্ধারাধীদের বিচারে বাধা সৃষ্টির প্রতিবাদে’ বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, কৃষক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এম এ করীম প্রমুখ।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24