২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চোরাগোপ্তা হামলা নিয়ে সরকারের অভিযোগ কল্পকাহিনী’

বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে গত কয়েকদিনে সরকারের বক্তব্য এবং গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে ‘কল্পকাহিনী’ বলে উড়িয়ে দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে গত কয়েকদিনে সরকারের বক্তব্য এবং গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে ‘কল্পকাহিনী’ বলে উড়িয়ে দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামীতে বিএনপি ঢাকায় যে বৃহৎ সমাবেশের কর্মসূচি দেবে, তা ভণ্ডুল করতেই সরকারের এই কল্পকাহিনী। আমরা কখনোই আওয়ামী লীগের মতো চোরাগোপ্তা পথ অনুসরণ করে কর্মসূচি দেই না, দেবো না। আগামীতে সমাবেশ হবে আগাম ঘোষণা দিয়েই।” গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বিভিন্ন দৈনিকে গত ১৮ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ নিয়ে প্রকাশিত তথ্য তুলে ধরে বিগত চার দলীয় জোট সরকারের সময়ের আওয়ামী লীগের ঘোষিত ‘এপ্রিল ডেডলাইনের’ প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “আওয়ামী লীগই ট্রাম্প কার্ডের নামে সরকার পতনের ডেডলাইন দিয়েছিলো। তারা ভাড়াটে লোকদের ঢাকায় নিয়ে এসে লাঠিপেটা করে মানুষ হত্যা করেছিলো। এসব ঘটনা দেশবাসী ভুলে যায়নি। এবার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে সেই পরিকল্পনা বাস্তবায়নেই নাটক সাজানো হয়েছে।” ২০০৪ সালের এপ্রিলে তখনকার বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ঘোষণা দেন, চার দলীয় জোটের পতনে ওই মাসেই একটি ট্রাম্প কার্ড খেলবে তার দল। কিন্তু ওই মাসের শেষ দিকেই তখনকার বিএনপি সরকার গণগ্রেপ্তার শুরু করে। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বেসরকারি সংস্থা প্রশিকার হাজার হাজার কর্মীকে ঢাকায় জড়ো করে আওয়ামী লীগ রাজধানী অচর করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। গত রোববার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান থেকে পুলিশ নেতাকর্মীদের লাঠিপেটা করে বের করে দেওয়ার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে পত্রিকায় একই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়। ওই ঘটনার পরপরই ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়। সিলেটেও বাসে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা যায় একজন। সোমবারও ঢাকার বিভিন্ন স্থানে দফায় দফায় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনার জন্য সরাসরি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এই অভিযোগ অস্বীকার মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, “মুক্তিযোদ্ধা সমাবেশের নামে ঢাকায় লোক সমাগমের কোনো আলাদা পরিকল্পনা ছিলো না। এটা সরকারের কল্পকাহিনী ছাড়া আর কিছুই না।” তিনি বলেন, “দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে আমাদের কর্মসূচি গ্রহণ করা হয়। বিএনপি কোনো গুপ্ত সংগঠন নয়। চোরাগোপ্তা পথে আমরা কোনো সিদ্ধান্ত নেই না।” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ উপলক্ষে সারাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়। তারা (মুক্তিযোদ্ধারা) আগের দিন থেকেই ঢাকায় আসছিলেন। অনেকে রাতে হোটেলে ছিলেন। বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ নিয়ে সরকারি দলের ‘পেটুয়া বাহিনীই’ গত কয়েক দিনের ‘চোরাগোপ্তা বোমা হামলা’, ভাংচুর, অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন তিনি। খালেদা জিয়া আগামীতে ঢাকায় বিশাল সমাবেশ ও অবস্থানে যে কর্মসূচি দেবেন বলেছেন, তা ভণ্ডুল করতে এটি সরকারের ষড়যন্ত্রমূলক রিহার্সেল বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, “নিয়মতান্ত্রিক আন্দোলন দমাতে দলের ওপর নিপীড়ন বৃদ্ধি ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের ক্ষেত্র প্রস্তুত করার উদ্দেশ্যেই সরকারের এটা সুপরিকল্পিতভাবে করেছে।” মুক্তিযোদ্ধা সমাবেশকে ঘিরে দলের ৭ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়াকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন তিনি। গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৫২০ ঘ.