২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলা: নিজামীর আবেদন খারিজ

১০ ট্রাক অস্ত্র মামলা বাতিলে জামায়াতের কারাবন্দি আমির মতিউর রহমান নিজামীর একটি আবেদন ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলা বাতিলে জামায়াতের কারাবন্দি আমির মতিউর রহমান নিজামীর একটি আবেদন ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছে হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই আদেশ দেয়। একই ঘটনায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে করা আরেকটি মামলা বাতিলের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আদালত। এই দুই মামলায় নিজামী তার বিরুদ্ধে চলমান কার্যক্রম বাতিলে আবেদন করেন গত ২৭ নভেম্বর। আদালত শুনানি শেষে অস্ত্র মামলা বাতিলের আবেদন ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে। পরে আবেদনকারীর আইনজীবী অন্য আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। নিজামীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সেলিম। শুনানিতে রাজ্জাক বলেন, “এই মামলায় সর্বমোট তিনটি অভিযোগপত্র দেওয়া হয়েছিলো। এফআইআর ও প্রথম দুই অভিযোগপত্রে নিজামীর নাম নেই। তৃতীয়টিতে তার নাম এসেছে। অস্ত্র আইনে কারো কাছে অস্ত্র পাওয়া গেলে সে অভিযুক্ত হবে। এখানে নিজামীর কাছে অস্ত্র পাওয়া যায়নি। “সাক্ষীদের মধ্যে দুজন বলেছে, ‘মনে হয় ওই ঘটনায় নিজামীর সম্পৃক্ততা আছে’। তাই নিজামী এই মামলায় অব্যাহতি পেতে পারেন।” এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বলেন, “শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন সচিব শোয়েব আহমেদের জবানবন্দিতে নিজামীর সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। জবানবন্দিতে ওই দিনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এক পর্যায়ে নিজামী আমাকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবহিত আছি’। “ওই ঘটনায় নিজামীর বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট। তাই তিনি এ পর্যায়ে এসে মামলা থেকে অব্যাহতি পেতে পারেন না।” এই সময় ব্যারিস্টার রাজ্জাককে উদ্দেশ্য করে আদালত বলে, সে সময়ে যারা তদন্ত করেছে, তারাই তো এখন আসামি। আপনার (মক্কেলের) সমস্যা হলো, আপনি দায়িত্বে থেকেও ব্যবস্থা নেননি। এ বিষয়ে কোনো তদন্ত করেননি। এক পর্যায়ে রাজ্জাক আবেদনটি ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করিয়ে নিতে চাইলে আদালত তাতে সম্মত হয়। পরে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে দায়ের করা মামলা বাতিলের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করলে আদালত তাও মঞ্জুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৭৫৮ ঘ.