২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার পক্ষে লড়তে আইনজীবী দিলো ট্রাইব্যুনাল

একাত্তরে যুদ্ধাপরাধের মামলার আসামি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বহু নাটকের পর তার পক্ষে লড়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকেই একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি নিজেও শুনানি করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 07:20 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলার আসামি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বহু নাটকের পর তার পক্ষে লড়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকেই একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি নিজেও শুনানি করতে পারবেন। তার ছয়টি আবেদনের বিষয়ে আদেশের জন্য ১৯ ডিসেম্বর দিন রেখেছে ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, সাকা চৌধুরী ইতিমধ্যে তার আইনজীবীর ওকালতনামা বাতিল করে দিয়েছেন। তিনি নিজে ট্রাইব্যুনালের আদেশের অনুলিপি গ্রহণ করছেন না। এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ আইন-১৯৭৩ অনুসারে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বদিউজ্জামানকে ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হিসেবে নিয়োগ দিচ্ছে। নতুন নিয়োগ পাওয়া এই আইনজীবী আসামীর পক্ষে ডিফেন্স প্রস্তুত করবেন। সাকা চৌধুরীর বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র রেজিস্ট্রারের কার্যালয় থেকে বদিউজ্জামানের কাছে সরবরাহ করতে হবে। ‘ আপনি বন্দুক তাক করেছেন’ সংসদ সদস্য সাকা চৌধুরী এতোদিন নিজেই ট্রাইনব্যুনালে মামলা চালিয়ে আসছিলেন। ট্রাইব্যুনাল বহুবার তাকে আইনজীবী নিয়োগ দিতে বললেও নানা নাটকীয় অভিযোগ তুলে তিনি তা এড়িয়ে যান। শেষ পর্যন্ত তিনি নিজেই নিজের বক্তব্য উপস্থাপনের অনুমতি চাইলে চলতি মাসের শুরুর দিকে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। সোমবার রাষ্ট্রের তরফ থেকে তার জন্য আইনজীবী নিয়োগের আদেশ দেওয়ার সময় সাকা চৌধুরী দাঁড়িয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে বলেন, “আপনিতো আমার দিকে বন্দুক তাক করেছেন। আপনিতো আমাকে নিজের পক্ষে শুনানি করতে অনুমতি দিয়েছেন। এরপরও এই আদেশ কেন? এটা কি কামরুলের (আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম) নির্দেশনা মোতাবেক? আমি দুঃখিত এ কথা বলার জন্য।” এ সময় আদালত বলে, “আপনি নিজের পক্ষে শুনানি করতে পারবেন। কেউ আপনাকে বাধা দেবে না।” আদেশ শেষে সাকা বলেন, “আদেশতো দিলেন, কিন্তু ওই আইনজীবীর ফি কতো তা তো বললেন না।” ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ সময় জানান, ফি সাকা চৌধুরীকে দিতে হবে না। ছয় আবেদনের আদেশ গত ৫ ডিসেম্বর আরো ছয়টি বিষয়ে আবেদন করেন সাকা চৌধুরী। এসব আবেদনে আন্তর্জাতিক আইন অনুসারে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায়ন, ট্রাইব্যুনালের বিচারকাজ টেলিভিশনে সরাসরি স¤প্রচারের অনুমতি দেওয়া, বিদেশি আইনজীবী নিয়োগ, সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধি অনুসরণ, বিচারকাজে আন্তর্জাতিক সনদ মেনে চলা এবং আসামি পক্ষের প্রস্তুতির জন্য ১১ মাস সময় চান এই বিএনপি নেতা। সোমবার এসব বিষয়ে শুনানি শেষে ১৯ ডিসেম্বর আদেশের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ৪ অক্টোবর সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এরপর ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের আবেদন করা হয়। ২০১০ সালের ২৬ জুলাই সালাউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। সাঈদী ও সাকা চৌধুরী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। এছাড়া জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২৫০ ঘ.