২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নারী সাংসদদের নাম ঘোষণা বৃহস্পতিবার

ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 09:17 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবে। রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় দুপুর ২টা পর্যন্ত কেউ প্রত্যাহার করেননি। আইন অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত পাঁচজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।” “তবে আমাদের কিছু আনুষ্ঠানিকতা আছে। বৃহস্পতিবার কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচিত ঘোষণা করবে”, যোগ করেন তিনি। এই পাঁচজন হলেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম শাখার নেত্রী হাসিনা মান্নান এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গত বৃহস্পতিবার পাঁচ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে ইসি। সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। গত জাতীয় নির্বাচনে দলীয় সংসদ সদস্য সংখ্যার হিসাব করে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, এই ৫ আসনই পাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপর ২৬ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে পাঁচ আসনের জন্য পাঁচজনের নাম চূড়ান্ত করা হয়। এই পাঁচজনই যে সাংসদ নির্বাচিত হচ্ছেন- তখনই তা নিশ্চিত হয়ে গিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৫০২ ঘ.