ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন দুই মন্ত্রী নিয়োগ এবং তিন মন্ত্রীর দপ্তর বদলের প্রসঙ্গ টেনে সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, এখন ওষুধে কোনো কাজ হবে না।
সোমবার বিকালে এক প্রতিবাদ সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকারের মরণ ঘণ্টা বেজে গেছে। এখন মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টন করে লাইফ সেভিং ড্রাগস দিয়ে কাজ হবে না। এ সরকারের সময় শেষ হয়ে গেছে।’’
“মানুষের মরণ এলে কোনো ওষুধ কাজ করে না” মন্তব্য করে তিনি বলেন, “বর্তমান সরকার সময় শেষ হয়ে এসেছে। এখন কোনো ওষুধে কাজ হবে না।”
ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকার ওপর রোববারের ‘হামলার’ প্রতিবাদে এ সমাবেশ করে বিএনপি। সমাবেশে আগামী ৮ থেকে ১২ নভেম্বর ঢাকা মহানগরের সব থানায় প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।
গত ২৯ নভেম্বর শপথ নেওয়া দুই মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদেরকে সোমবার রেল ও যোগাযোগ মন্ত্রণালয় বণ্টনের পাশাপাশি বিমানমন্ত্রী জি এম কাদের ও বাণিজ্যমন্ত্রী ফারুক খানের দপ্তর অদল-বদল করে সরকার।
সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ থেকে সরিয়ে দেওয়া হয় নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
ডিসিসি ভাগের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার রাজধানীতে বিএনপির হরতালের সময় দুপুরে পুরান ঢাকায় আদালতপাড়ায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর খোকাকে ভ্যানে করে বাসায় পৌঁছে দেয় পুলিশ।
এরপর খোকা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির কারণ হিসেবে বিএনপি নেতারা তখন ‘ছাত্রলীগকর্মীদের ছোড়া ইটে’ খোকার আঘাত পাওয়ার কথা বলেন।
পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “তাকে [খোকাকে] পুলিশ হেফাজতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়ার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে।”
ইউনাইটেড হাসপাতালে খোকার চিকিৎসক আবু সাঈদ এম এম রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি নিজেও বলতে পারছেন না কীভাবে আঘাত পেয়েছেন।”
২০০৯ সালের ৬ জানুয়ারি গঠিত ৩২ সদস্যের মন্ত্রিসভায় ১৮ দিন পর আরো ছয় জন যোগ হন। ওই বছর ৩১ জুলাই দ্বিতীয় দফা কলেবর বাড়ে মন্ত্রিসভার। সেদিন নতুন একজন মন্ত্রী ও পাঁচ প্রতিমন্ত্রী শপথ নেন।
বর্তমানে মন্ত্রিসভার সদস্য ৪৫ জন, এদের ২৮ জন মন্ত্রী এবং ১৭ জন প্রতিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১২ ঘ.
bdnews24