ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার আদালতপাড়ায় মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আটক করা হয়েছে সাদেক হোসেন খোকাকে।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘাত বাঁধে। হরতালকারীরা পুলিশের একটি গাড়িসহ কয়েকটি মটর সাইকেলে আগুন দিয়েছে। ভাংচুর করেছে ডজন খানেক গাড়ি।
সংঘর্ষের সময় আদালত ভবনে থাকা সদ্য বিদায়ী মেয়র খোকাকে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল হোসেন তালুকদার।
সদ্য বিদায়ী মেয়র খোকার নেতৃত্বে আদালতপাড়ায় আগে থেকে মিছিল চলছিলো। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে সংঘর্ষ বেঁধে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
কামাল হোসেন জানান, পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপি কর্মীরা ভাংচুর শুরু করে। তারা আদালত প্রাঙ্গণে থাকা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানো হয় কয়েকটি মটর সাইকেলে। ভাংচুর করে আদালতের প্রবেশপথে থাকা একাধিক গাড়ি।
এরপর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করলে মিছিলকারীরা আদালতের ভেতরে আশ্রয় নেয়। এরপর পুলিশের সঙ্গে স্থানীয় ছাত্রলীগকর্মীরাও বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলে পড়তে দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিবি/এমআই/১২২০ ঘ.
bdnews24