ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি করপোরেশনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রচার আগামী সপ্তাহে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসি কার্যালয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
এ নির্বাচনে সিটি করপোরেশনের সবক'টি কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা রয়েছে। এর আগে চট্টগ্রামে একটি ওয়ার্ডে ও নারায়ণগঞ্জে নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হয়।
সাখাওয়াত জানান, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল চলতি মাসের তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে এ নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
কুমিল্লায় প্রথমবারের মতো পুরো নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের কথা তুলে ধরে এ নির্বাচন কমিশনার বলেন, "ইভিএমের সাফল্যকে আরো এগিয়ে নিতে এখন থেকেই কাজ শুরু হবে। এজন্য এলাকার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হাট-বাজারে এর প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। জনগনকে এ মেশিনের সঙ্গে পরিচিত করানোর জন্য এ ব্যবস্থা নেওয়া হবে।"
তফসিল ঘোঘণার আগেই প্রচার শুরুর বিষয়ে তিনি বলেন, "নারায়ণগঞ্জে ইভিএম নিয়ে যে ছোট ছোট বিভ্রাট তৈরি হয়েছিলো, কুমিল্লায় তা হবে না। এজন্য যা করার সব ব্যবস্থা নেওয়া হবে।"
সর্বশেষ নারায়ণগঞ্জে ভোটের এক সপ্তাহ আগে প্রচার শুরু হয়েছিলো।
প্রেক্ষাগৃহে ইভিএম প্রচার
সাখাওয়াত জানান, আগামী সপ্তাহে তারা ৫টি ইভিএম মেশিন কুমিল্লায় পাঠাবেন। ইভিএম প্রচারণার সিডি প্রতিটি প্রেক্ষাগৃহে সরবরাহ করা হবে। ছবি শুরুর আগে এবং মধ্য বিরতির সময় এসব সিডি চালানো হবে।"
বর্তমানে ইসির ৭০০ ইভিএম মেশিন রয়েছে। এর মধ্যে কিছু মেশিন নারায়ণগঞ্জে ব্যবহার করা হয়।
ওই নির্বাচন নিয়ে ৩০ দিনের মধ্যে কোনো মামলা না হলে মেশিনগুলো কুমিল্লায় ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সাখাওয়াত।
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে এক লাখ ৬৯ হাজার ভোটার রয়েছেন। ৬৫টি ভোট কেন্দ্রের ৪৫৩টি ভোট কক্ষে তারা ভোট প্রদান করতে পারবেন।
ইসি কর্মকর্তারা জানান, সীমানা পুননির্ধারণ সংক্রান্ত গেজেট প্রকাশ হওয়ায় এখন পর্যন্ত এ নির্বাচনের আইনী কোনো বাধা নেই। তবে নবগঠিত সিটি করপোরেশন হওয়ায় সীমানা নিয়ে কোনো জটিলতা হলে এবং কোন মামলা হলে আদালতের ওপর নির্ভর করবে নির্বাচনের ভবিষ্যৎ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৬০১ ঘ.
bdnews24