২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রী বিভ্রান্তি ছড়াচ্ছেন: ফখরুল

পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে অর্থমন্ত্রী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 08:08 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে অর্থমন্ত্রী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, "বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পে র্দুর্নীতি হয়েছে বলে চিঠি দিয়ে এতে অর্থায়ন বন্ধ করেছে। অর্থমন্ত্রী দুর্নীতি হয়নি বলে ধূম্রজাল সৃষ্টি করছেন। তিনি নিজের চামড়া বাঁচানোর জন্যই এরকম মিথ্যাচার করছেন।" পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক এতে অর্থায়ন স্থগিত করেছে। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এ প্রকল্পে এখন পর্যন্ত কোনো দুর্নীতি হয়নি। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কথা বললেন। প্রধানমন্ত্রী 'দুর্নীতিগ্রস্ত' মন্ত্রীদের রক্ষার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে ফখরুল বলেন, "এ দাবিতে জনগণ রাস্তায় নেমে পড়েছে। রোড মার্চই তার প্রমাণ। এখনো সময় আছে- সরকার দ্রুত ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিক।" নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির ভাবনার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, "এটি স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনে দলীয়ভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার সুযোগ নেই। আমরা এ বিষয়ে কথা বলতে চাই না।" সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে ফখরুলের কথা হয়। চিকিৎসা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরা ফারুক সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্রে আমার চিকিৎসা চলছে। সরকার আমার বিরুদ্ধে গত ৬ জুলাই একটি মিথ্যা মামলা দিয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে ওই মামলার হাজিরা দিতে দেশে এসেছি। এখনো আমি পূর্ণ সুস্থ হয়নি।" গত ৬ জুলাই হরতাল চলাকালে পুলিশি হামলায় ফারুক গুরুতর আহত হন। এরপর ১৩ জুলাই যুক্তরাষ্ট্রে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০১ ঘ.