সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেছেন, সরকারের পতন না ঘটিয়ে তারা ঘরে ফিরবেন না।
মঙ্গলবার সিলেটে চার দলের জনসভায় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, "এখনো সময় আছে, শান্তি ও গণতন্ত্রের ধারা বজায় রাখতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ব্যবস্থা করুন। এজন্য আর বেশি দেরি করবে না। তা না হলে জনগনের ধাক্কায় আপনারা পড়ে যাবেন।"
মঙ্গলবার বিকালে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে চারদলীয় জোটের জনসভায় খালেদা আলাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালেরও দাবি জানান।
পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে একে পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।
সংশোধিত সংবিধান অনুযায়ী, আগামী জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে হওয়ার কথা। তবে এরকম হলে নির্বাচনে অংশ না নেওয়ার হুমকি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানাচ্ছে বিএনপি।
সমাবেশে বিকাল ৪টা ৩৫ মিনিট থেকে টানা এক ঘণ্টা খালেদা জিয়া বক্তব্য দেন। রাত ৭টা ৪৫ মিনিটে তিনি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।
সিলেটে এ জনসভার কর্মসূচি গত ২৭ সেপ্টেম্বর রাজধানীতে বিএনপির এক জনসভায় ঘোষণা করেন খালেদা।
সিলেটের পর রাজশাহী ও চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের কর্মসূচিও দেওয়া হয় ওই সমাবেশে। রোড মার্চের পরদিন ওই শহরগুলোয় সমাবেশের সিদ্ধান্তও ওই জনসভার ঘোষণা ছিলো। পরে অবশ্য চট্টগ্রামের রোড মার্চ স্থগিত করা হয়।
এই রোড মার্চ কর্মসূচির পর সরকার পতনে 'ফাইনাল খেলা' শুরু হবে উল্লেখ করে সরকারকে সতর্ক হতে বলেন তিনি।
সোমবার ঢাকা থেকে সিলেট অভিমুখে রোড মার্চের সময় পথসভায় দেওয়া বক্তব্যেও 'ফাইনালের' কথা মনে করিয়ে দেন তিনি।
রোড মার্চ করে সোমবার রাতে খালেদা জিয়া সিলেট পৌঁছান।
সিলেটে জনসভাস্থলে আসার আগে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ) মাজারে যান। বিকাল ৩টা ২০ মিনিটে তিনি জনসভাস্থলে এসে পৌঁছান।
জাগো বাংলাদেশি মানুষেরা
জনসভায় খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পূণর্বহাল, নিবাচন কমিশন পুনর্গঠনের দাবির পাশাপাশি দেশের বর্তমান দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, সরকারের 'ব্যর্থতা', দুর্নীতি, যুদ্ধাপরাধের বিচার, পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন।
বর্তমান সরকারের আমলে সিলেটে চার দলের প্রথম এ জনসভায় সরকার হটানোর আন্দোলনে 'বিজয় সুনিশ্চিত' বলে মন্তব্য করেন খালেদা।
তিনি দেশবাসীকে পরবর্তী কর্মসূচির জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
খালেদা বলেন, "আসুন- দেশ, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা, মা-বোনদের নিরাপত্তার স্বার্থে আমরা সবাই জেগে উঠি। জাগো বাংলাদেশি মানুষেরা। এ জালেম সরকারকে বিদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।"
নির্বাচন কমিশন পুনর্গঠন
খালেদা জিয়া আবারো বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, "তারা অবৈধ মইনুদ্দীন-ফখরুদ্দীন সরকারের চামচা ছিলো। তারা সরকারের আজ্ঞাবহ। এই কমিশন বাতিল করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেসিনে ভোটগ্রহণের ষড়যন্ত্র চলছে। এটা ভোট চুরির একটি মেসিন। ইভিএম দিয়ে নির্বাচন করা যাবে না। এটা বাদ দিতে হবে।"
পদ্মা সেতুর দুর্নীতি
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগের জন্য সরকারকে সরাসরি অভিযুক্ত করেন খালেদা।
তিনি বলেন, "তাদের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক ও আইএমএফ অর্থায়ন বন্ধ করে দিয়েছে। তারা বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অর্থ ছাড় বন্ধ থাকবে। অর্থাৎ এ সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতু হচ্ছে না।"
পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচনের প্রাক-তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে বিশ্ব ব্যাংকের অনুরোধে তদন্ত করছে কানাডা।
খালেদা বলেন, "বিনা টেন্ডরে ভাড়ায় বিদ্যুৎ কেনা প্রকল্প স্থাপনে দুর্নীতিকে উৎসাহিত করতে এই সরকার দায়মুক্তি আইন করেছে। কেবল মাত্র চুরি করার জন্য দায়মুক্তি আইন করা হয়েছে। এ ভাবে ওএমএস-এর চাল-ডাল-তেল এবং কাবিখার অর্থ লুন্ঠন করছে ক্ষমতাসীনরা। ফলে দরিদ্র জনগোষ্ঠি এই সুবিধা বঞ্চিত হচ্ছে।"
সমাবেশে বক্তব্যে বিএনপির সাবেক নেতা ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে স্মরণ করেন খালেদা জিয়া।
তিনি বলেন, "সিলেটে বিএনপির সময়ে সব উন্নয়ন হয়েছে। এতে মুখ্য ভূমিকা পালন করেছেন সাইফুর রহমান সাহেব। এ যে সড়কগুলো দেখছেন, তা তারই অবদান।"
সংখ্যালঘু 'নির্যাতন'
আওয়ামী লীগের লোকজন সংখ্যালঘুদের সম্পত্তি, মন্দিরের জমি দখল করছে বলে অভিযোগ করেন খালেদা।
তিনি বলেন, "আমরা পত্রিকায় দেখেছি- পূজামণ্ডপের ভেতরে মহিলাদের ওপর সরকারি দলের লোকজন কিভাবে নির্যাতন করেছে।"
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি চেয়ারপার্সন বলেন, "আওয়ামী লীগের মতো বেঈমানকে ছেডে চলে আসুন। তাদের কাছে আপনারা নিরাপদ নন।"
খালেদা জিয়া নতুন প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বলেন, "নতুন প্রজন্মের কাছে দেশ নিরাপদ। তারাই পারবে দেশ পরিচালনা করতে। তাই আগামীতে একটি নীতিমালা তৈরি করে নতুন প্রজন্মের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চাই। আমরা তোমাদের পাশে থাকব।"
টিপাইমুখে বাঁধ
ভারতের টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে সরকার নীরব দাবি করে এর সমালোচনা করেন খালেদা।
তিনি বলেন, "এ বাঁধ হলে পুরো সিলেট অঞ্চল শুকিয়ে যাবে। পরিবেশ ও জনসাধারণের ক্ষতি হবে। আমি ভারতীয় প্রধানমন্ত্রীকে এই বাঁধ নির্মাণ না করার বিষয়টি বলেছি। কিন্তু আমাদের সরকার এতোই নতজানু- টিপাইমুখ নিয়ে তারা কিছুই বলছে না।"
গত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষর হওয়া গঙ্গা পানি চুক্তিকে 'নামকাওয়াস্তে' চুক্তি হিসেবে অভিহিত করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, "ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশ কখনো পানি পায়নি। এখন তিস্তার পানি বণ্টন চুক্তিরও কোনো খবর নেই।"
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গত মাসের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্মত না হওয়ায় এ চুক্তি হয়নি।
'ট্রানজিটে' শুল্ক না নেওয়া প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "বিনা শুল্কে ভারতের পণ্য বাংলাদেশ দিয়ে ভারতে যাচ্ছে। এটা চলতে পারে না। জনগণ তাদের মতামত ছাড়া এভাবে ট্রানজিট মেনে নেবে না।"
মনমোহনের সফরেই ট্রানজিট নিয়ে সম্মতিপত্র বিনিময় হওয়ার কথা থাকলেও তা হয়নি।
তবে ট্রান্সশিপমেন্টের আওতায় গত ২৮ সেপ্টেম্বর ভারতের কলকাতা থেকে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় পণ্য ত্রিপুরা গেছে।
এক্ষেত্রে ফি না নিয়ে সরকার উল্টো ভর্তুকি দিচ্ছে বলে অর্থনীতিবিদ দেবপ্রিয় অভিযোগ তুলেছেন। এ প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ফি নেওয়া হচ্ছে কি না তা সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে জানতে চাওয়া হবে।
তবে মঙ্গলবার প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, আগামী মার্চের মধ্যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ফি নির্ধারণ করা হবে।
সীমান্ত নির্ধারণে চুক্তি
খালেদা জিয়া অভিযোগ করে বলেন, "সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এর কারণ হচ্ছে- তাদের তিনশ ৫৭ একর ভূমির বিনিময়ে আমাদের প্রধানমন্ত্রী দেশের ১২শ ৩৯ একর ভূমি দিয়ে দিয়েছেন। এটা কি প্রধানমন্ত্রীর নিজস্ব সম্পত্তি? অতীতে ছিটমহল দিয়ে দেয়া হয়েছে, বিনিময়ে আমরা কিছুই পাইনি।"
সীমান্তে মানুষ হত্যার নিন্দাও জানান তিনি।
মনমোহনের সফরে স্থলসীমা বিষয়ে ভারতের সঙ্গে একটি প্রটোকল স্বাক্ষর করে দুদেশ।
বিডিআর বিদ্রোহে হত্যার বিচার সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ করেন খালেদা জিয়া।
তিনি বলেন, "এই হত্যার মূল নায়কদের পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতা গেলে এই হত্যার বিচার করা হবে।"
দ্রব্যমূল্য
দ্রব্যমূল্যে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছে মন্তব্য করে খালেদা বলেন, "বিএনপির শাসনামালে চালের দাম ছিলো ১৬ টাকা। মইনুউদ্দিন-ফখরুদ্দীনের আমলে তা ৪০ টাকায় ওঠে। বর্তমানে তা ৫০ টাকায় এসেছে।
"আমাদের আমলে ১৬ টাকা নিয়ে আওয়ামী লাফালাফি করেছে। এখন ৫০ টাকায় চালের দাম উঠলেও তারা বলছেন, দাম কমেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০২৫ ঘ.
bdnews24