মঞ্জুর আহমদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিলেট, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে খালেদা জিয়ার সমাবেশে পাঁচ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চান বিএনপি ও চারদলীয় নেতারা। শহরের বাইরে থেকে নেতা-কর্মীদের আনতে ভাড়া করা হয়েছে বাস, ট্রাক ও মাইক্রোবাস।
বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, জনসভা সফল করার লক্ষ্যে সিলেট নগরী ছাড়াও বিভিন্ন উপজেলায় চলছে কর্মীসভা, সমাবেশ এবং সকাল থেকে রাত পর্যন্ত মাইকিং।
বিএনপি ও চারদলীয় জোটের পোস্টারে ছেয়ে গেছে সিলেট নগরী।
সরকারবিরোধী রোড মার্চ নিয়ে সোমবার সিলেট আসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার বিকালে সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
জনসভার আয়োজকরা জানান, জনসভা উপলক্ষে ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নেতৃত্বে গঠন করা হয়েছে সাতটি উপকমিটি।
দলের কর্মীসভা ছাড়াও জোটের শরীক ও সমমনা দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বিভাগের অন্যান্য জেলায়ও চলছে সমান প্রস্তুতি।
'মানুষে চাপে ডেড লক হয়ে যাবে'
জনসভায় ১২৫টি মাইক ব্যবহার করা হবে। এছাড়া ৫টি প্রজেক্টরের মাধ্যমে জনসভা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
আলীয়া মাদ্রাসা মাঠে পাঁচলাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে শহরের বাইরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে তিন লাখ নেতাকর্মীর সমাগম হবে।
তাদের পরিবহনের জন্য ভাড়া করা হচ্ছে প্রায় সাত হাজার গাড়ি।
বাকি দুইলাখ নেতাকর্মী শহর ও শহরের বাইরে থেকে নিজস্ব ব্যবস্থায় জনসভায় যোগ দেবেন বলে আশা করছেন দলের নেতারা।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী বলেন, "জনসভা উপলক্ষে ২ লাখ ৫০ হাজার পোস্টার, ২ লাখ লিফলেট ছাপানো ও এক হাজার বিলবোর্ড তৈরি করা হয়েছে। এছাড়া চারদলের পক্ষ থেকে আরো এক লাখ পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছে।"
এছাড়া ঢাকা থেকে রোডমার্চ করে সিলেট আসা নেতাকর্মীদের থাকার জন্য নগরীর ১০টি কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে।
তিনি বলেন, জনসভায় পাঁচলাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি চলছে। এর মধ্যে তিনলাখ মানুষকে শহরের বাইরে থেকে আনার ব্যবস্থা করা হচ্ছে।
"ওইদিন দুপুর ১২টার মধ্যে সিলেট নগরী শহরতলীর মানুষের চাপে 'ডেড লক' হয়ে যাবে।"
খালেদা জিয়ার সিলেট সফর ও জনসভায় কত টাকার বাজেট ঠিক করা হয়েছে জানতে চাইলে ইলিয়াস আলী বলেন, সব ব্যয়ভার বিএনপি নেতারা বহন করছেন।
তবে তিনি টাকার পরিমাণ বলতে রাজি হননি।
সিলেট অভিমুখী রোড মার্চের পর ১৮ অক্টোবর রাজশাহী এবং পরে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রংপুরের দিকে রোড মার্চ হবে।
গত ২৭ সেপ্টেম্বর নয়াপল্টনে সমমনাদের নিয়ে এক সমাবেশ থেকে রোডমার্চের এই কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২১৩২ ঘ.
bdnews24