২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একতরফা ইসি পুনর্গঠন মানবে না বিএনপি

সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, এ ক্ষেত্রে সরকার এততরফাভাবে সিদ্ধান্ত নিলে তা মানবে না বিরোধী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 07:02 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, এ ক্ষেত্রে সরকার এততরফাভাবে সিদ্ধান্ত নিলে তা মানবে না বিরোধী দল। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন। আগামী বছরের শুরুতে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এরপর নতুন নিয়োগের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলোচনার আহ্বান জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা স্বাগত জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার বলেন, "সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তা একতরফাভাবে হলে তা বিএনপি মানবে না।" তিনি অভিযোগ করেন, কমিশনে সরকার তার পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিয়ে আগামী নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মানববন্ধনে অংশ নেন আনোয়ার। তিনি এ পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, "এখনো সময় আছে, দেয়ালের লিখন পড়ুন। নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।" সরকার ক্ষমতা 'চিরস্থায়ী' করতে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে বলে দাবি করেন আনোয়ার। "আমরা বলে দিতে চাই, দলীয় সরকারের অধীনে এদেশে নির্বাচন হতে দেওয়া হবে না, জনগণ তা মেনে নেবে না," সরকারকে হুঁশিয়ার করেন তিনি। ভারতের সঙ্গে চুক্তি প্রকাশের দাবি জানান আনোয়ার। তিস্তা চুক্তি নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাগরিক ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবীর বেপারী, মো. মঞ্জুর হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫১ ঘ.