২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার হরতালের সমর্থনে বি.বাড়িয়ায় বিএনপির মিছিল

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে 'ভোট ডাকাতির' অভিযোগে ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে 'ভোট ডাকাতির' অভিযোগে ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। শনিবার বিকালে শহরের জেলা পরিষদের সামনে থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিলটি বের করে। বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌর আধুনিক সুপার মাকের্টের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, "হরতালে রোববার ব্রাহ্মণবাড়িয়াকে অচল করে দেওয়া হবে।" সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, গোলাম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আনিসুর রহমান মঞ্জু বক্তব্য দেন। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচিত হন। ওই নির্বাচনে 'ভোট ডাকাতির' অভিযোগে বৃহস্পতিবারই হরতালের এ কর্মসূচি ঘোষণা করে জেলা বিএনপি। মোকতাদির এক লাখ ২৫ হাজার ১৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. খালেদ হোসেন মাহবুব পান ৮৪ হাজার ৬৩১ ভোট। আওয়ামী লীগের সংসদ সদস্য লুৎফল হাই সাচ্চুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৯০০ ঘ.