গোপালগঞ্জ, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় আংশিক কার্যকর হয়েছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত সব খুনিকে দেশে ফিরিয়ে এনে পূর্ণাঙ্গ রায় কার্যকর করা হবে।
শনিবার টুঙ্গিপাড়ায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, "পালিয়ে থেকে কোনো খুনিই রেহাই পাবে না।"
সৈয়দ আশরাফ আরো বলেন, "এক সময় মনে করা হতো বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না। কিন্তু সরকার প্রচলিত আইনেই বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে এবং এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।"
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, "বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে। কিন্তু তাকে হত্যার ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি। তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।"
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে অনেক আগেই উদ্যোগ নিয়েছে সরকার। তাদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।"
এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও মন্ত্রিপরিষদের সদস্যরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একদিন আগে শনিবার দুপুর পৌনে ১টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান তারা।
মন্ত্রিপরিষদ সদস্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
উপদেষ্টা পরিষদের মধ্যে শ্রদ্ধা জানান আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ এবং আব্দুল জলিল।
জাতীয় সংসদের চীফ হুইফ উপাধ্যক্ষ আব্দুস শহীদের নেতৃত্বে দলের সংসদ সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আরো শ্রদ্ধা জানান সংস্কারবাদী হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা মুকুল বোস এবং আ খ ম জাহাঙ্গীর।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের শ্রদ্ধা জানানোর পর সংসদ সদস্য ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
গোপালগঞ্জে শোক দিবসের কর্মসূচি:
১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। টুঙ্গিপাড়ায় উড়ছে কালো পতাকা। পথে পথে কালো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে তোরণ।
রোববার সকাল ১০টায় টুঙ্গিপাড়া পৌঁছে বাবা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত করে তার প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবি, পেশাজীবি সংগঠন ও সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।
প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে কেন্দ্র করে গোটা জেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে।
র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন, উদীচী গোপালগঞ্জ জেলা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোক র্যালী বের করবে।
৭৫-এর ১৫ অগাস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় জেলার ৬৮টি ইউনিয়ন, ৪টি পৌরসভা ও ৫টি উপজেলায় মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের চিত্রাংকন, হামদ্ ও নাতসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মসজিদ, মন্দির ও গির্জায় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এজে/কেএমএস/এসএএ/১৭৪৫ঘ.
bdnews24