ঢাকা, ০১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন থানার মামলায় পুলিশ হেফাজতে নেওয়ার ব্যাপারে আদালত অনুমতি দেওয়ার পরের দিন বৃহস্পতিবার পুলিশ জামায়াতের সেক্রটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারাগার থেকে তাদের হেফাজতে (রিমান্ড) নিয়েছে।
দুপুরে তাদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশের কয়েকজন কর্মকর্তা কারাগারে যান।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পল্টন থানা পুলিশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ছাড়া আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিশেষ নিরাপত্তার মধ্যে তাদের হেফাজতে নেয়।
কারাগার থেকে সরাসরি তাদেরকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা দপ্তরে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে পল্টন থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার থানার তিনটি মামলায় আদালত নিজামীদের ৯দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সে প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য নিজামী ছাড়া দুজনকে কারাগার থেকে নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, পুলিশের কাজে বাধা দেওয়ায় ও পুলিশকে লাঞ্চিত করার মামলায় এ দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, "নিজামী নিজের অসুস্থতার কথা প্রকাশ করায় তাকে আমরা এ দফায় আনিনি। তাকে পরে নেওয়া হবে।"
গত মঙ্গলবার নিজামীরা গ্রেপ্তার হওয়ার পর বুধবার তাদের আদালতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে তিনটি থানার মোট ৫টি মামলায় মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপরেই বুধবার সন্ধ্যায় তাদের আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এর মধ্যে পল্টন থানার তিনটি মামলায় তিন দিন করে নয় দিন, উত্তরা থানার একটি মামলায় তিনদিন এবং রমনা থানার একটি মামলায় ৪দিন।
একদিনে সব থানার রিমান্ড মঞ্জুর হলেও প্রথমে পল্টন থানা পুলিশ তাদের রিমান্ডে নিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইএম/কেএমএস/১৬৫৭ ঘ.
bdnews24