ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন প্রকল্পের ধীর অগ্রগতির কারণে প্রাক-বাজেট আলোচনায় জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতাদের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী এএমএ মুহিত।
ধারাবাহিক প্রাক-বাজেট আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলোর প্রতিনিধিদের মধ্যে আয়োজিত এ আলোচনায় বিদ্যুত ও জ্বালানি সংকট প্রাধান্য পায়।
প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, "গত বাজেটে বহু ঘোষণা এসেছে, কিন্তু কোনো কিছুরই উন্নতি হয়নি। গত ১৫ মাসে আইপিপি (বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র) খাতে কোনো অগ্রগতিই হয়নি।"
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি বলেন, "বর্তমান দরপত্র প্রক্রিয়ার আওতায় একটি বিদ্যুত কেন্দ্র চালু হতে তিন বছর লেগে যায়। আমাদের উচিত আগ্রহপত্র আহ্বান করা। এত সর্বোচ্চ দেড় বছর সময় লাগবে।"
সরকারের সর্বসাম্প্রতিক রোড শোকে 'ব্যয়বহুল ও অপ্রয়োজনীয়' অভিহিত করে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলকে ইঙ্গিত করে তিনি বলেন, "আমরাও পাঁচ বছর সরকার চালিয়েছি। তখন তো রোড শো নামে কোনো শব্দই শুনিনি।"
ওই সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন তোফায়েল।
তিনি গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, অন্যথায় বিদ্যুৎ সংকটের সমাধান হবে না। বিদ্যুৎ সংকট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
আই, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বাজেট বাস্তবায়ন ইস্যুতে তোফায়েলের বক্তব্যের সঙ্গে সুর মেলান।
তিনি বলেন, "গত বাজেটে পিপিপি, জেলা বাজেট, এডিপিসহ অনেক নতুন বিষয় ছিল, কিন্তু এর কোনোটাই শুরু হয়নি।"
সুরঞ্জিত আরো বলেন, ১৫ মাসের সরকার শিক্ষা, ভূমি ব্যবহার এবং শিল্প সম্পর্কে এখনো নীতিমালা চূড়ান্ত করতে পারেনি।
আওয়ামী লীগের সাবেক এই প্রেসিডিয়াম সদস্যের মতে জ্বালানিকে অগ্রাধিকার খাত ঘোষণা করা উচিত।
সরকার কীভাবে তিন বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৪০০০ মেগাওয়াট বাড়াবে তা তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, স্বাধীনতার পর ৪০ বছরে মাত্র ৪৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
সুরঞ্জিত প্রশ্ন করেন, "এটা কি আলাদীনের চেরাগ দিয়ে হবে?"
তবে তিনি বলেন, "আমি বিশ্বাস করি এটা সম্ভব। কিন্তু এখন যে পথে চলছে সে পথে চললে হবে না। আপনার আগামী বাজেট বক্তৃতায় পরিষ্কার করে বলবেন সরকার এটা কী করে করবে।"
কৃষি খাত সম্পর্কে সুরঞ্জিত বলেন, শুধু উৎপাদনের জন্য ভর্তুকি দিলেই হবে না, কৃষকদের ফসল রক্ষার ব্যবস্থাও করতে হবে। যখনই অতিরিক্ত ফলন হয়, তখনই কৃষক তার ফসল নিয়ে বিপদে পড়ে যায়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু মোবাইল ফোন অপারেটরদের কর্পোরেট ট্যাক্স কমানোর সুপারিশ করেন। কারণ, তারা ইতোমধ্যেই সর্বোচ্চ করদাতাদের তালিকায় স্থান করে নিয়েছে।
এই জাসদ নেতা সিম ট্যাক্স ৮০০ টাকা প্রত্যাহারের জন্যও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে দেশে কল সেন্টার শিল্পের বিকাশে বাজেট বরাদ্দ ও প্রয়োজনীয় সহযোগিতার সুপারিশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এইচএ/২২২০ ঘ.
bdnews24