২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পালালেও রক্ষা নেই'

চিহ্নিত এক 'যুদ্ধাপরাধীর' দেশ ছেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, কেউ পালিয়ে গেলেও রক্ষা পাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 08:45 AM

Updated : 24 Aug 2022, 07:57 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিহ্নিত এক 'যুদ্ধাপরাধীর' দেশ ছেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, কেউ পালিয়ে গেলেও রক্ষা পাবে না। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাশেম আলীর বিদেশে যাওয়ার বিষয়টি ধরে তিনি রোববার এ কথা বলেন। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বৃহস্পতিবার বিচারক প্যানেল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করে সরকার। চিহ্নিত যুদ্ধাপরাধীরা পালাতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বললেও রোববার বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়, মীর কাশেম এরই মধ্যে বিদেশ গেছেন। রোববার সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) এক অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এইচটি ইমাম বলেন, "এখন পৃথিবী অনেক ছোট। যুদ্ধাপরাধীরা অন্য দেশে পালিয়ে গিয়েও পার পাবে না। সরকার যুদ্ধপরাধীদের বিচার করবেই।" যুদ্ধাপরাধীদের বিচার না করতে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ধরনের চাপ নেই বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে চিহ্নিত যুদ্ধাপরাধীরা বিচার প্রক্রিয়া বানচাল করতে পারে- এ আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, "যুদ্ধাপরাধীরা দেশে ব্যাংক, বীমা, স্কুল, কলেজ ও মিডিয়ার মতো লাভজনক বিভিন্ন প্রতিষ্ঠান খুলে হাজার কোটি টাকা অর্জন করেছে। এ অর্থ দিয়ে তারা বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।" যুদ্ধাপরাধীদের অর্জিত সম্পদ বাজেয়াপ্ত কিংবা অর্থ উপার্জনের উৎস বন্ধে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা- প্রশ্ন করা হলে ইমাম বলেন, "প্রকাশ্যে তা বলা সম্ভব নয়।' দেশে বর্তমান সন্ত্রাসী কর্মকাণ্ডে চিহ্নিত যুদ্ধাপরাধীরা জড়িত বলে দাবি করেন তিনি। ইমাম বলেন, "যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর তাদের সঙ্গে যুদ্ধাপরাধীদেরও যোগসূত্র রয়েছে।" বিপিএটিসিতে 'গভর্নেন্স রিফর্মস থ্রু আইসিটি অ্যাপলিকেশন' শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করেন এইচটি ইমাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ সেমিনার বিশ্বের বিভিন্ন দেশের আইসিটি বিষয়ে বিশেষজ্ঞদের সংস্পর্শে আসার সুযোগ করে দিয়েছে। এ থেকে অর্জিত জ্ঞান আমাদের দেশের কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে সরকারের ভিশন-২০২১ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরো এগিয়ে নেওয়া সম্ভব হবে। সেমিনারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অষ্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ফিলিপাইন, নেপাল, পাকিস্তান, ভারত ও বাংলাদেশসহ ১২টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সেমিনারে তথ্য প্রযুক্তির নিয়ে মোট ১৬টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪৩৯ ঘ.