ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সংসদ কার্যকর না হলে দেশের কোন উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনার শেষ দিনে বৃহস্পতিবার জাতীয় সংসদে একথা বলেন সাবেক স্পিকার জমিরউদ্দিন।
তিনি বলেন, ''এ সংসদকে বাঁচিয়ে রাখা না হলে দেশের কোন উন্নয়ন হবে না। সরকারি দলের সদস্যদের বলব, জিয়াকে স্বাধীনতার ঘোষক না মানেন, তাকে অপমান করবেন না।
"জিয়া ও বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না, '' বলেন জমিরউদ্দিন।
গণতন্ত্রকে সামরিক শাসনের জন্য হুমকি অভিহিত করে সাবেক স্পিকার বলেন, ''যাতে অবৈধভাবে কেউ আর ক্ষমতায় থাকতে না পারে সেজন্যই আমরা ২৯ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা সেইদিন নির্বাচনে অংশ না নিলে মইন উদ্দিনরা বিদেশিদের বলে আরো ছয় মাস ক্ষমতায় থাকার কথা বলত।"
তিনি বলেন, "এভাবেই বিচারপতি সাত্তারকে সরিয়ে শিয়ালকে রাস্তা দেখিয়ে গেছে এরশাদ। ওইসব শিয়ালদের হাত থেকে সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করতে সংসদকে কার্যকর রাখতে হবে।''
এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ''আদালতের রায়ের পর পঞ্চম সংশোধনী সবাইকে মেনে নিতে হবে। চিরদিনের মীমাংসিত বিষয়টি নিয়ে সময় নষ্ট না করে আমরা সামনে এগিয়ে যাই।"
দেশের বর্তমান অবস্থার জন্য বিএনপিকে দায়ী করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ''আজ নিজেদের গর্তে নিজেরা পড়েছেন, কারো দোষ নেই।''
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সময়ের তুলনায় 'ভালো' বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেন, "প্রতিহিংসার রাজনীতি কোনো রাজনীতি নয়। প্রতিপক্ষকে নির্মূলের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।'' একইসঙ্গে যুদ্ধাপরাধীর বিচারে সরকারের দৃঢ অবস্থানের কথা বলেন তিনি।
সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ বলেন, "কোনো সৈনিকের ঘোষণায় দেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়নি। ঘোষণা দেওয়া আর পাঠ করা এক নয়। বঙ্গবন্ধুর পক্ষে উনি ঘোষণাটি পাঠ করেছিলেন মাত্র।"
বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, "জিয়াউর রহমান সামরিক শাসন জারি করেননি, আওয়ামী লীগের বিকল্প নেতা খন্দকার মোশতাকই তা জারি করেছিলেন।''
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার হাইকোর্টের উপরে বন্দুক রেখে পঞ্চম সংশোধনীর বিষয় নিষ্পত্তি করতে চায়।
তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়ার সমালোচনা করেন জয়নুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/পিডি/২০৫২ ঘ.
bdnews24