খুলনা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডাকবাংলো মোড়ে শুক্রবার দুপুরে লাঠিপেটা করে পুলিশ খেলাফত মজলিশের মিছিল পণ্ড করে দিয়েছে বলে সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন।
তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে।
এ সময় পুলিশের হাতে আটক হয়েছেন খেলাফত মজলিশের মহানগর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদস্য আব্দুল্লাহ যোবায়ের, আতাউল করিম, রিয়াজুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম।
আটক নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, পুলিশ পরিকল্পিতভাবে মিছিলে হামলা করেছে। এতে ১৮ থেকে ২০ জন আহত হন।
এর মধ্যে শহীদ, শফিক, মাহবুব, রফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, এমদাদ ও মতিউর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খেলাফত মজলিশের মহানগর সভাপতি সাখাওয়াত হোসেনের মুক্তির দাবিতে প্রশাসনের অনুমতি ছাড়া মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।
মিছিলে বাধা দিলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কনস্টেবল আশরাফুল ইসলাম ও আনসার সদস্য আব্দুল লতিফ আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24