ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপিকে আন্দোলনের পথ থেকে সরাতে জিয়া পরিবারের বিরুদ্ধে সরকার 'ষড়যন্ত্র' করছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার মুক্তাঙ্গনে এক সমাবেশে তিনি বলেন, "বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। খালেদা জিয়া যখন মানুষের সমস্যা নিয়ে আন্দোলন ও সংগ্রামের প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই একে বাধাগ্রস্ত করতে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে এভাবে তারা বিএনপিকে রুখতে পারবে না।"
খালেদা জিয়ার বাড়ির আসবাবপত্র ও মালামাল নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর 'বক্তব্যের' প্রতিবাদে ছাত্রদল এই সমাবেশের আয়োজন করে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 'ছেড়ে যাওয়া' ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ির মালামালের হিসাব গত বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "এতো কিছু ওনার নিজের টাকায় কেনা হলে সেই টাকার উৎস জাতিকে জানতে হবে।"
এ প্রসঙ্গে মোশাররফ বলেন, "এর মাধ্যমে প্রধানমন্ত্রী নিজেকে ছোট করেছেন। এই মিথ্যাচার দেশের মানুষ কোনোভাবে গ্রহণ করেনি। তিনি (শেখ হাসিনা) কেবল খালেদা জিয়ার বিরুদ্ধেই নয়, অতীতে জিয়াউর রহমানের রিরুদ্ধেও নানারকম বিষোদগার করেছেন, যা মানুষ গ্রহণ করেনি।"
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১৮ ডিসেম্বর জেলায় জেলায়, ১৯ ডিসেম্বর বিভাগীয় শহরে এবং ২১ ডিসেম্বর থানা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ।
শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনাও করেন তিনি।
তিনি বলেন, "অধ্যাপক ইউনূসের মতো ব্যক্তিত্ব সর্ম্পকে প্রধানমন্ত্রীর বক্তব্যে সারা বিশ্বের মানুষ ধিক্কার জানিয়েছে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, "গরিব মানুষের রক্ত চুষে খেলে ধরা খেতে হয়।"
ছাত্রদলকে জাতীয়তাবাদী শক্তির আন্দোলনের প্রথম সারির 'ভ্যান গার্ড' অভিহিত করে তাদের সংগঠিত হওয়ার আহবান জানান মোশাররফ।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "এ সরকার দেশের কোনো সমস্যার সমাধান দিচ্ছে না। অস্থিরতা ও অগ্নিকাণ্ড ঘটিয়ে পোশাক শিল্প বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। অথচ ওইসব সমস্যার সমাধানে তাদের কোনো চিন্তা নেই। বিএনপিকে কিভাবে নিশ্চিহ্ন করা যাবে, সরকার কেবল তা নিয়েই ব্যস্ত রয়েছে।"
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/কেএমএস/১৬৪৬ ঘ.
bdnews24