নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে গ্রেপ্তার পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা'র নেতা ইমরান মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের মুখ বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শাজাহান।
ইমরানের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়।
এতে ইমরানকে অভিযুক্ত করে ১২ জনকে সাক্ষী করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর আদমজী ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) কামরুজ্জামান বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছিলেন।
গত ৩০ সেপ্টেম্বর র্যাব-১১ এর আদমজী ক্যাম্পের একটি দল নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে (৪৩) আটক করে।
তার কাছ থেকে বৈদেশিক জাল মুদ্রা, মোবাইল ফোন সেট, পাসপোর্ট, ভোটার পরিচয়পত্র, বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড, পাকিস্তানি ভাষায় ধারণকৃত দুটি ভিডিও সিডি ও জিহাদি বইপত্র উদ্ধার করা হয়।
ইমরানের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাইকপাড়া গ্রামে।
ওই সময় র্যাব জানিয়েছিলো, ইমরান বাংলাদেশে লস্কর-ই-তৈয়বা'র সমন্বয়কারী।
তিনি সংগঠনটির সদস্য সংগ্রহ ও তাদের পাকিস্তান পাঠানোর জন্য পাসপোর্ট ও ভিসা তৈরির কাজ করেন।
ইমরান একটি দেশের গোয়েন্দা সংস্থার চর হিসেবে প্রাথমিকভাবে কাজ শুরু করেন। পরবর্তী সময় লস্কর-ই-তৈয়বা'র সঙ্গে জড়িত হন। তবে র্যাব ওই গোয়েন্দা সংস্থার নাম জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.
bdnews24