২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালামাল সরাতে সময় পেয়েছেন খালেদা

মইনুল সড়কের বাড়ি থেকে মালামাল সরিয়ে নিতে খালেদা জিয়াকে সময় দিয়েছে সেনানিবাস বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 09:35 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মইনুল সড়কের বাড়ি থেকে মালামাল সরিয়ে নিতে খালেদা জিয়াকে সময় দিয়েছে সেনানিবাস বোর্ড। বৃহস্পতিবার সেনানিবাস বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বিরোধীদলীয় নেতার এক আইনজীবী এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে খালেদার ওই কৌঁসুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সকালে খবর পেয়েছি, মইনুল সড়কের বাড়ির মালামাল ক্যান্টনমেন্ট বোর্ড সরিয়ে নিচ্ছে। এরপর বোর্ডের প্রধান নির্বাহী নাজমুস সাহাদাৎ সেলিমের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে দেখা করেছি। তিনি জানিয়েছেন, আগামীকাল শুক্রবার থেকে মালামাল নেওয়া যাবে।" তিনি বলেন, বৃহস্পতিবার মালামাল সরিয়ে নেওয়ার আগ্রহের কথা জানালে সেনানিবাস বের্ডের ওই কর্মকর্তা তাতে রাজি হননি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া সাংবাদিকদের বলেন, "ওই বাড়ি থেকে চেয়ারপারসনের মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। এটা করলে তা হবে বেআইনি।" বৃহস্পতিবার সকাল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে, সেনানিবাসের বাড়ি থেকে খালেদার মালামাল সেনানিবাস বোর্ড সরিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "আমি এ বিষয়ে কিছু জানি না। যতদূর জানি, খালেদা জিয়া আগেই ৫১টি কার্টন সরিয়ে নিয়েছেন।" এ বিষয়ে জানতে খালেদার কৌঁসুলির পর সেনানিবাস বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। সামরিক ভূমি ও সেনানিবাস বোর্ড মালামাল সরিয়ে নেওয়ার খবর নাকচ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "সংবাদটি আদৌ সত্য নয়। বোর্ড খালেদা জিয়াকে তার মালামাল সরিয়ে নিতে সময়ে দিয়েছে।" নির্দিষ্ট সময়সীমার মধ্যে মালামাল সরিয়ে না নিলে সে ক্ষেত্রে মালামালের তালিকা করে তা কোয়ার্টার গার্ড এর স্টোর রুমে রাখা হবে বলে জানিয়ে তিনি বলেন, বিরোধীদলীয় নেতার কাছে সে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। গত ১৩ নভেম্বর খালেদার ওই বাড়ির দখল বুঝে নেয় সেনানিবাস বোর্ড। হাইকোর্টের দেওয়া সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সেদিনই বাড়ি ছাড়তে হয় খালেদাকে। খালেদা বর্তমানে গুলশানে তার ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় থাকছেন। আইনি লড়াইয়ে হারার কারণে ৩৮ বছর পর সেনানিবাসের ওই বাড়ি ছাড়তে হয় খালেদাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৩০ ঘ.