২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে ৪ দিনে হবে পৌর নির্বাচন

সাত বিভাগের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি চার দিনে এ নির্বাচন হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 08:16 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত বিভাগের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি চার দিনে এ নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বৃহস্পতিবার ইসির সম্মেলন কক্ষে পৌর নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। এ দফায় দেশের ৩১০টি পৌরসভার মধ্যে ২৬৯টিতে নির্বাচন হবে। রংপুর বিভাগের ২৭টি এবং রাজশাহী বিভাগের ৪৯টি পৌরসভার ভোট গ্রহণ হবে ১২ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ ডিসেম্বর, যাচাই-বাছাই ১৪ ও ১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২৬ ডিসেম্বর। খুলনার ৩৩টি এবং বরিশালের ২১টি পৌরসভায় ভোট হবে ১৩ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর, যাচাই-বাছাই ১৮ ও ১৯ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ঢাকা বিভাগের ৭০টি পৌরসভায় ভোট হবে ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ ডিসেম্বর, যাচাই-বাছাই ২০ ও ২১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১ জানুয়ারি। চট্টগ্রামের ৫৩টি এবং সিলেটের ১৬টি পৌরসভায় ভোট হবে ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ ডিসেম্বর, যাচাই-বাছাই ২২ ও ২৩ ডিসেম্বর এবং ২ জানুয়ারি প্রত্যাহারের শেষ সময়। যে সব স্থানে নির্বাচন হবে সে ২৬৯ পৌরসভায় ভোটাররা ২৬৯ জন মেয়র, ২ হাজার ৫৩৪ জন কাউন্সিলর এবং ৮৭৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচনে ভোট দেবেন। এসব পৌরসভায় মোট ভোট কেন্দ্র ৩ হাজার ৪০৫টি; ভোট কক্ষ ১৭ হাজার ৯৩টি। মোট ভোটার সংখ্যা ৭৫ লাখ ৬০ হাজার ১০১ জন। বাকি পৌরসভার মধ্যে ১৭টির মেয়াদ শেষ হয়নি এবং ২৪টি পৌরসভায় মামলার কারণে নির্বাচন আটকে আছে। দেশে সর্বশেষ ২০০৪ সালের ৫ থেকে ১০ মে একযোগে পৌর নির্বাচন হয়েছিলো। তবে ২০০৮ সালে সিটি কর্পোরেশনের সঙ্গে মেয়াদোত্তীর্ণ নয়টি পৌরসভায় নির্বাচন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪২০ ঘ.