২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান কার্যালয়ের সামনে হুদা সমর্থকদের মিছিল

নাজমুল হুদার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তার নির্বাচনী এলাকার সহস্রাধিক নেতা-কর্মী-সমর্থক বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান নেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাজমুল হুদার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তার নির্বাচনী এলাকার সহস্রাধিক নেতা-কর্মী-সমর্থক বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা মিছিল ও মানববন্ধন করেন। এই অবস্থান কর্মসূচিতে খালেদা জিয়া বরাবর ঢাকা জেলার বিএনপির বিভিন্ন উপজেলা ও পৌরসভার আহবায়ক ও যুগ্ম আহ্বায়কদের স্বাক্ষর করা একটি স্মারকলিপির কপি সাংবাদিকদের সরবারহ করা হয়। এতে ২৩ জন স্বাক্ষরকারীর মধ্যে খন্দকার আবু আশফাক, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান, মো. রিফাতউল্লাহ, কফিল আহমেদ, তমিজ উদ্দিন, মহসীন খান, আবদুস সালাম, রফিক ব্যাপারী, দলিলউদ্দিন কবিরাজ, আক্কাস আলী খান, এস এম ফারুকসহ জেলার বিভিন্ন থানার ও অঙ্গসংগঠনের নেতারা রয়েছেন। ওই স্বারকলিপিতে ঢাকা জেলা বিএনপির নতুন সভাপতি আবদুল মান্নানের প্রতি অনাস্থার কথা জানানো হয়। নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কারের পর আবদুল মান্নানকে ঢাকা জেলা বিএনপির সভাপতি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০/২৫ টি বাসে করে নাজমুল হুদার সমর্থক নেতা-কর্মীরা গুলশানের কার্যালয়ে সমবেত হতে থাকেন। তারা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন ব্যানার ও নাজমুল হুদার ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনও করেন। রাত সাড়ে ৮টায় খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে এসে পৌঁছালে তারা 'ব্যারিস্টার নাজমুল হুদার বহিষ্কারাদেশ প্রত্যাহার কর' ও 'হুদার ঠিকানা, বিএনপির ঠিকানা' ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। ভিড় ডিঙিয়ে খালেদা জিয়ার গাড়িবহর কার্যালয়ে ঢোকাতে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের বেশ বেগ পেতে হয়। গত ২১ নভেম্বর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সহসভাপতি নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে গত ২৬ নভেম্বর হুদা দুঃখ প্রকাশ করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানান। কার্যালয়ে পৌঁছানোর পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা খালেদাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। তিনি মঙ্গলবারের হরতাল সফল করার জন্য আইনজীবীদের অভিনন্দন জানান। বিএনপি চেয়ারপারসন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ''বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বলিষ্ঠ ভূমিকার জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই। হরতালে আমাদের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের আইনি সহায়তায় আপনারা কাজ করছেন। এজন্য আমি আইনজীবীদের ধন্যবাদ জানাচ্ছি।'' পরে খালেদা তার কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩৯ ঘ.