ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বুধবার রাতে জরুরি বৈঠকে বসেছেন।
গুলশানের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এই বৈঠক শুরু হয়েছে খালেদা জিয়ার সভাপতিত্বে।
মঙ্গলবার দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেছিলেন, শরিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের কর্মসূচি ঠিক করা হবে।
বৈঠকে দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত রয়েছেন।
এর আগে গত ২১ ও ২২ নভেম্বর বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয় ।
২১ নভেম্বরের বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সহসভাপতি নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫১ ঘ.
bdnews24