ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে হটাতে শিগগিরই সর্বাত্মক কর্মসূচিতে যাবে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, "সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার পথে নেমেছে। এখন চুপ করে বসে থাকার সময় নেই। তাই বর্তমান পরিস্থিতিতে সরকারকে আর কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি জনগণকে নিয়ে অলআউট কর্মসূচিতে যাবে।"
খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাসা থেকে 'উৎখাতের' প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, "এ রকম পরিস্থিতিতে আমরা নই, দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। হরতাল পালন করে জনগণ সরকারের ওই কর্মকাণ্ড ঘৃণা করেছে, ধিক্কার জানিয়েছে।
"এরকম পরিবর্তিত পরিস্থিতিতে পিছু হটার সুযোগ নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা অলআউট আন্দোলনে যাচ্ছি।"
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই আন্দোলনের কর্মসূচি ও কর্মকৌশল চূড়ান্ত হবে বলে তিনি জানান।
কবে নাগাদ কর্মসূচি চূড়ান্ত হবে- জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, "শিগগিরই। এ জন্য স্থায়ী কমিটির বৈঠকও শিগগিরই ডাকা হবে।"
ঈদের পর লং মার্চ কিংবা জেলায় জেলায় সমাবেশ করার কর্মসূচি দেওয়ার কথা ছিলো জানিয়ে তিনি বলেন, "বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে সরকার। এরকম পরিবর্তিত পরিস্থিতিতে স্থায়ী কমিটি বৈঠকে বসে কর্মসূচি চূড়ান্ত করবে।"
সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, "দেশের মানুষের কাছে দেওয়া কোনো ওয়াদাই সরকার গত ২২ মাসে পূরণ করতে পারেনি। উল্টো তারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে দমন পীড়নের পথ বেছে নিয়েছে।"
গত ১৩ নভেম্বর খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছেড়ে আসেন। ওই সময় তিনি অভিযোগ করেন, তাকে জোর করে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তবে সামরিক বাহিনী এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে পরদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।
খালেদার গুলশানে একটি বাড়ি রয়েছে। এছাড়া বিরোধীদলীয় নেতা হিসেবে তার জন্য মিন্টু রোডে একটি সরকারি বাড়ি বরাদ্দ রয়েছে।
বাড়ি ছাড়ার পর খালেদা গুলশানে ছোটভাই শামীম এস্কান্দারের বাসায় ওঠেন।
ঈদের দিন রাজধানীর লেডিস ক্লাবে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, "আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আজ বাস্তুহারা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমএসবি/১৩৪৪ ঘ.
bdnews24