২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুর খুনিদের গ্রেপ্তার দাবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর খুনিদের গ্রেপ্তার দাবি করেছে মহিলা দল। অন্যথায় ঈদুল আজহার পর সারা দেশে হরতাল ডাকার ঘোষণা দিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 05:07 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

নাটোর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর খুনিদের গ্রেপ্তার দাবি করেছে মহিলা দল। অন্যথায় ঈদুল আজহার পর সারা দেশে হরতাল ডাকার ঘোষণা দিয়েছে দলটি। সোমবার বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরিন সুলতানা এ কথা বলেন। তিনি বলেন, প্রকাশ্যে রাজপথে শত শত মানুষের সামনে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে যারা হত্যা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এসব খুনিদের সরকার বাঁচানোর চেষ্টা করলে ঈদের পর সারা দেশে হরতালসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বাবুর খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দাবি করে শিরিন অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস নিজে এসব খুনী সন্ত্রাসীদের লালন করছেন। বড়াইগ্রাম উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হেলেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য রাশিদা বেগম হিরা, বরিশাল মহানগর মহিলা দলের সভানেত্রী সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লাভলী রহমান ও সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর কচি। মহুয়া নূর বলেন, "যত সময় যাচ্ছে বাবু হত্যার ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা ততই বাড়ছে। প্রধানমন্ত্রী যেমন তার বাবাকে হারিয়েছেন আমার তিন মেয়েও তেমনি তাদের বাবাকে হারিয়েছে। "আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা করেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী বাবু হত্যাকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বলে খুনিদের বাঁচানোর চেষ্টা করছেন।" মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও সমাবেশে নাটোর জেলা এবং বড়াইগ্রাম উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে প্রতি বছর ৮ অক্টোবর বাবু হত্যা দিবস ও বাবুকে যে জায়গায় খুন করা হয়েছে সেই স্থানকে বাবু চত্বর হিসেবে ঘোষণা দেওয়া হয়। এর আগে উপজেলা চত্বর থেকে কালো পতাকা নিয়ে মহুয়া নূর কচি'র নেতৃত্বে শত শত নারী বিক্ষোভ মিছিল বের করলে বিপুল সংখ্যক পুলিশ বনপাড়া বাজারে বাধা সৃষ্টি করে। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষুদ্ধ এসব নারীরা মিছিল নিয়ে পুরো বনপড়া বাজার প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৯ ঘ.