ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এককেন্দ্রীক সরকারের বদলে দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট কাউন্সিল হলে জাতীয় পার্টির প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটি আয়োজিত 'বাংলাদেশে প্রদেশিক সরকার পদ্ধতির পরিকল্পনা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আশঙ্কাজনক হারে জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র্য, বেকারত্ব, নিরাপত্তাহীনতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ প্রশাসনিক ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। দেশের শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা এবং উন্নয়ন নিশ্চিত করতে প্রাদেশিক সরকারের বিকল্প নেই। তাই বাংলাদেশে একদিন প্রাদেশিক সরকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
প্রদেশিক সরকার পদ্ধতির পরিকল্পনায় বাংলাদেশকে মোট ৮টি প্রদেশে বিভক্ত করে ঢাকাকে ফেডারেল রাজধানী করার সুপারিশ করেন এরশাদ।
বিভাগীয় শহরগুলোকে প্রাদেশিক সরকারের রাজধানী এবং ঢাকাকে ফেডারেল রাজধানী করে ময়মনসিংহকে এ প্রদেশের রাজধানী করার কথা বলা হয়। এছাড়া বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লাকে নিয়ে আরো একটি প্রদেশ গঠনের প্রস্তাব করা হয়, যার রাজধানী হবে কুমিল্লা।
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য প্রাদেশিক সরকারের প্রধান হিসাবে একজন গভর্নর নিযুক্ত করার প্রস্তাব করা হয়। কেন্দ্রীয় সরকারের প্রতি অনস্থা আনা ও মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়েছে।
প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সাবেক এই রাষ্ট্রপতি সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনারও সুপারিশ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "সংবিধান সংশোধন বাংলাদেশে নতুন কোনো ঘটনা নয়, স্বাধীনতার পর এপর্যন্ত ১৪ বার সংবিধান সংশোধন করা হয়েছে।"
তিনি আরও বলেন, "প্রদেশিক সরকার ব্যবস্থায় স্থানীয় উন্নয়ন জোরদার হবে এবং দুর্নীতি দূর হবে। আর রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণের জন্য প্রদেশিক সরকার ব্যবস্থার বিকল্প নেই।"
সেমিনারে সভাপতিত্ব করেন প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী মোস্তফা জামাল হায়দার।
আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এএবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুনিল শুভ রায়সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সেমিনার শেষে এরশাদ 'বাংলাদেশে প্রাদেশিক সরকার পদ্ধতির পরিকল্পনা' শীর্ষক সিডির মোড়ক উন্মোচন করেন এবং জাতীয় পার্টির নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২১২৩ ঘ.
bdnews24