২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলের সমাবেশ ঘিরে তানোরে ১৪৪ ধারা জারি

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে যুবদলের দুই পক্ষ একই স্থানে সভা আহবান করায় রাজশাহীর তানোরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 06:42 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

রাজশাহী, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে যুবদলের দুই পক্ষ একই স্থানে সভা আহবান করায় রাজশাহীর তানোরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১০টায় তানোর ডাকবাংলো চত্বরে আলোচনা সভার ডাক দিয়েছিলো জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর উপজেলা যুবদল নেতা আকাশের সমর্থকরা। এ জন্য তারা এলাকায় প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছে সভার অনুমতি চেয়ে লিখিতভাবে আবেদন জানায়। একই সময়ে একই স্থানে উপজেলা যুবদলের অপর অংশের সভাপতি মিজানুর রহমানের সমর্থকরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আহবান করে। এ জন্য তারাও স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চেয়ে লিখিত আবেদন জানায়। এ নিয়ে মঙ্গলবার যুবদলের দুই পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন মঙ্গলবার সমঝোতায় বসে ব্যর্থ হয়। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী উল হাসান শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুই পক্ষকে নিয়ে বিষয়টির সমাধানের চেষ্টা করা হয়। সমঝোতা না হওয়ায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি বলেন, "সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তানোর ডাকবাংলো এবং আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।" তানোর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকবাংলো চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৩৯ ঘ.