শেরপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজাপ্রাপ্ত শেরপুর জেলা জামায়াত আমির ও শিবির সভাপতিসহ আট নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার জেলা দ্রুত বিচার আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ ইকবাল বাহার এ আদেশ দেন।
জনমনে ভীতি সঞ্চার করে ত্রাস সৃষ্টির অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গত রোববার (৩ অক্টোবর) এই আটজনের দুই বছর করে সশ্রম কারাদণ্ড হয়।
সকালে তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে হাকিম তা নাকচ করে দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- শেরপুর জেলা জামায়াত আমির মোহাম্মদ শাহাদত হোসেন, শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা জামায়াত আমির আব্দুল আওয়াল, নালিতাবাড়ী উপজেলা জামায়াত আমির আব্দুল কাদির, সেক্রেটারি রুহুল আমীন, নালিতাবাড়ী পৌর জামায়াত আমির আফসার উদ্দিন, পরাগ মিয়া ও লাভলু মিয়া।
গত ৩০ জুন জামায়াতের কেন্দ্রীয় আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষ তিন নেতার মুক্তির দাবিতে জেলা জামায়াত নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে।
পরদিন ১ জুলাই গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এমসআই) সজিব খান সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়।
মামলা দায়েরের সাত কর্মদিবস শেষে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
গত রোববার দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র বিচার বিভাগীয় হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপু আসামিদের অনুপস্থিতিতে আটজনকে সাজা দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় জেলা জামায়ত সেক্রেটারিসহ ১৬ জনকে খালাস দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৯ ঘ.
bdnews24