ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেওয়া আবদুল জলিলের বিষয়ে সিদ্ধান্ত আগামী ৩ অক্টোবর দলের কার্যনির্বাহী সংসদের সভায় হবে বলে রোববার জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
গত বুধবার যুক্তরাজ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে আওযামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জলিলের বলা কথা নিয়ে দলে তোলপাড় চলছে। এজন্য বার্মিংহামে স্থানীয় যুবলীগ কর্মীদের হাতে তাকে লাঞ্ছিতও হতে হয়।
জলিলের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা- জানতে চাওয়া হলে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আগামী ৩ অক্টোবর দলের নতুন কার্যনির্বাহী সংসদের প্রথম সভা হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।"
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নওগাঁর সাংসদ জলিলের অভিযোগ, বর্তমান মন্ত্রিসভার ৯০ শতাংশই 'সংস্কারপন্থী'।
গত জানুয়ারিতে সরকার গঠনের সময় জলিলসহ আওয়ামী লীগের আগের মন্ত্রিসভার বেশ কয়েকজন প্রভাবশালী সদস্যকে ঠাঁই দেননি হাসিনা।
পরে দলের নতুন কমিটিতেও উপেক্ষিত হন তারা। জলিল ছাড়াও আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ততে কার্যনির্বাহী সংসদে না রেখে ঠাঁই দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে। জলিল সাক্ষাৎকারে বলেন, দলের কার্যনির্বাহী সংসদে তাকেসহ অপর কয়েকজন নেতাকে না রেখে দলীয় সভানেত্রী শেখ হাসিনা তাদের প্রতি 'অন্যায়' করেছেন।
মতিয়া চৌধুরী বলেন, "মন্ত্রিসভায় কারা থাকবে না থাকবে, তা প্রধানমন্ত্রীই নির্ধারণ করবেন। পৃথিবীর সব দেশেই সরকার প্রধানরাই এমন সিদ্ধান্ত নেন। তিনিই সিদ্ধান্ত নিয়েছেন, কাদের নিযে সরকার চালাবেন।"
নতুনদের মন্ত্রিসভায় সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "সব সময় তো এক টিম দিয়ে খেলা চলে না। নতুনদের সুযোগ তো দিতেই হবে। আর আমাদের জীবন তো এখন ঢলে পড়েছে। তাই নতুনদের তৈরি হওয়ার সুযোগও তো তাদের দিতে হবে।"
গত জুলাইয়ে দলীয় কাউন্সিলের তিনদিন আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগকারী জলিল বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে ফিরে দলীয় পদ ধরে রাখার জন্য সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধে যাওয়া উচিত ছিল। না যাওয়াটা আমার ভুল ছিল। তার প্রতি বেশি আনুগত্যই আমার অপরাধ।"
জলিলের বক্তব্যের বিষয়ে মতিয়া বলেন, "উনার এ ধরনের বক্তব্য এমন হতে পারে যে তা বিরোধী দলের স্বার্থ সিদ্ধির জন্য করা হচ্ছে। সে লক্ষ্য অর্জিত হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে কেউ না কেউ তো ষড়যন্ত্র করছেই। তাই আমাদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে।"
নতুন কার্যনির্বাহী সংসদে অনেকের স্থান না পাওয়ার বিষয়ে মতিয়া চৌধুরী বলেন, "এটা তো প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী এককভাবে করেননি। সব পর্যাযের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেই তিনি এটা করেছেন। দ্রুততম সময়ের মধ্যে তিনি এটা করতে পেরেছেন।"
জলিল আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি আনুগত্যের কথা স্বীকার করলেও হাসিনার বোন শেখ রেহানা এবং আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সমালোচনা করেন।
কৃষিমন্ত্রী মতিয়া বলেন, "জলিল সাহেবের বক্তব্যে আমি উদ্বিগ্নও নই, চিন্তিতও নই। তিনি অনেক দিন ধরেই এ ধরনের বক্তব্য দিয়ে আসছেন। তিনি রাস্তায় রাস্তায় এমন কথা বলতে পারেন, যা আমরা পারি না। আর এ ধরনের দু'একটা বক্তব্যের ধাক্কা সহ্য করতে না পারলে তো আওয়ামী লীগের প্রাচীনত্বের দাবি করা ঠিক হবে না।"
তিনি বলেন, "জলিল সাহেব যে ধরনের বক্তব্য দিয়েছেন, তার মাধ্যমে শুধু নির্বাচনকেই নয়, নিজের বিজয়কেও প্রশ্নবিদ্ধ করেছেন। আর জলিল সাহেবের জন্য আওয়ামী লীগ কম কিছু করেনি। নির্বাচিত হতে না পারলেও দলীয় সভানেত্রী তাকে 'টেকনোক্র্যাট' কোটায় বাণিজ্যমন্ত্রী বানিয়েছেন। এটাও তো ভুলে গেলে চলবে না।"
জলিল ২০০২ সালের ডিসেম্বরে দলের ১৯-তম কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে গত আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে জলিলকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ২ মার্চ প্যারোলে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। ছয় মাস পর ৩১ আগস্ট দেশে ফেরেন।
এরপর অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ২০ অক্টোবর হাইকোর্ট জলিলকে জামিন দেয়।
জামিন পাওয়ার পর আদালত চত্বরে বসেই জলিল সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালনের ঘোষণা দিলে এ নিয়ে দলের নীতি-নির্ধারকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। কারণ, গ্রেপ্তার অবস্থায় নিজের স্বাক্ষর করা একটি চিঠিতে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জলিল। তখন দলে গণতন্ত্র নেই- অভিযোগ করে এর জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকেও দায়ী করেন তিনি।
কারামুক্তির পর জলিল চিঠির সব বক্তব্য অস্বীকার করেন। এরপর থেকে তাকে দলের পদে রাখা হলেও দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি।
এমনকি কাউন্সিলের কোনও কাজে তাকে যুক্ত করা হয়নি। ওই ক্ষোভ থেকে গত জুলাইয়ে পদত্যাগ করেন জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫১০ ঘ.
bdnews24