ঢাকা, ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২ মে পল্টন ময়দানে শ্রমিক দলের সমাবেশ সফল করতে বিএনপি ও দলের সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এক হয়ে কাজ করতে বলেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন,'' ২ মে জনসভা সফল করতে সব নেতা-কর্মীদের এক হতে কাজ করতে বলা হয়েছে। এটা নেত্রীর নির্দেশ। ''
তবে ঐক্যের আহ্বান জানানো হলেও খোদ এই বৈঠকেই দৃশ্যত 'গ্র"পিংয়ের' কারণে মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার ঘনিষ্ঠ কোনো নেতাকে দেখা যায়নি।
কয়েকজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে জানিয়েছেন, তাদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, "বৈঠকে উপস্থিতি কম হওয়ায় বিএনপি মহাসচিব, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ - এ চার জন বক্তব্য দিলেই দ্রুত সভা শেষ করা হয়।''
বৈঠকে সমাবেশ উপলক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল, পোস্টারিং ও লিফলেট বিলির সিদ্ধান্ত হয়।
খোন্দকার দেলোয়ারের সভাপতিত্বে বৈঠকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, রিজভী আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা, হাবিব উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু,উলামা দলের হাফেজ আবদুল মালেক, প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৩৭ঘ.
bdnews24