২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-নির্বাচন ও মহিলা আসনে নির্বাচন পিছিয়েছে

সাতটি সংসদীয় আসনে উপ-নির্বাচন ও ৪৫টি সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- সাতটি সংসদীয় আসনে উপ-নির্বাচন ও ৪৫টি সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সময়সুচি অনুযায়ী, আগামী ২ এপ্রিল উপ-নির্বাচন এবং ৩০ মার্চ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হবে। রোববার ইসি কার্যালয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন পরিবর্তিত সময়সূচি ঘোষণা করেন। এর আগে ঘোষিত তফসিল অনুয়ায়ী ৩০ মার্চ উপ-নির্বাচন এবং ২৯ মার্চ সংরক্ষিত মহিলা আসনে হওয়ার কথা ছিল। ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "বিদ্যমান পরিস্থিতিতে উপ-নির্বাচন এবং সংসদের মহিলা আসনের নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন আনার প্রয়োজন মনে করেছি আমরা। এজন্য পুনরায় তফসিল ঘোষণা করা হল।" নতুন এ সময়সূচি অনুযায়ী উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মার্চ, যাচাই বাছাই ১১ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ১৭ মার্চ নির্ধারণ করা হয়েছে। রংপুর-৩, রংপুর-৬, কুড়িগ্রাম-২, বগুড়া-৬, বগুড়া-৭, বাগেরহাট-১ এবং কিশোরগঞ্জ-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন তফসিল অনুযায়ী সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১২ মার্চ, যাচাই বাছাই ১৫ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ১৯ মার্চ নির্ধারণ করা হয়েছে। ছহুল হোসাইন আরো বলেন, "আগামী ৬ এপ্রিল স্থগিত হওয়া ছয়টি উপজেলায় এবং ১৬ মার্চ স্থগিত ১১টি ভোটকেন্দ্রে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত এ দুটি সময়সূচি ঠিক রয়েছে।" বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচসি/এফএফ/এজে/জিএনএ/১৫৫৫ ঘ.