২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে রাজনৈতিক সমাবেশের মতো বক্তব্য দেওয়া উচিত নয়: সোমনাথ

সংসদে রাজনৈতিক সমাবেশের মতো বক্তব্য দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার স্পিকার বর্ষীয়ান রাজনীতিক সোমনাথ চ্যাটার্জি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 11:55 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)-- সংসদে রাজনৈতিক সমাবেশের মতো বক্তব্য দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার স্পিকার বর্ষীয়ান রাজনীতিক সোমনাথ চ্যাটার্জি। বাংলাদেশের নবম সংসদের নির্বাচিত সাংসদদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। (বিস্তারিত) সংসদ সচিবালয় ও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট-এনডিআই'র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালা রোববার হোটেল সোনারগাঁওয়ে শুরু হয়। সোমনাথ বলেন, "সংসদে কথা বলা আর জনসমাবেশে ভাষণ দেওয়া সম্পূর্ণ ভিন্ন। " জাতীয় ইস্যুগুলো সম্পর্কে সাংসদদের জানতে হবে বলে মন্তব্য করেন তিনি। লোকসভার স্পিকার বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম আছে। সংসদেরও নিজস্ব নিয়ন-কানুন আছে। সাংসদদের অবশ্যই সেসব নিয়ম-কানুন মানতে হবে। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনার জন্য শনিবার ঢাকায় এসেছেন সোমনাথ চ্যাটার্জি। সংসদের ঘন ঘন বিশৃঙ্খলা কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয় মন্তব্য করে তিনি বলেন, অন্যের মতামতের প্রতি প্রত্যেক সাংসদেরই শ্রদ্ধা দেখানো উচিত। জাতীয় ইস্যুগুলোর বিষয়ে সাংসদের প্রশিক্ষণ দিতে ফোরাম গঠনের পরামর্শ দেন সোমনাথ। তিনি বলেন, "প্রত্যেক ইস্যুতে সব সাংসদের কথা বলার প্রয়োজন নেই। প্রথমে পড়াশোনা করুন এবং পরে কথা বলুন। প্রত্যেকেই যে সব বিষয়ে বিশেষজ্ঞ হবে তা প্রত্যাশিত নয়। "পড়াশোনা শেষে কথা বললে সরকারের ওপর তার কিছু প্রভাব পড়বে," বলেন সোমনাথ। ভারতীয় অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, "নারী, শিশু, জলবায়ু পরিবর্তন ও পানি ব্যবস্থাপনা নিয়ে আমরা পার্লামেন্টারি ফোরাম গঠন করেছি। এছাড়া অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যার কথা জনগণ জানে না।" তিনি বলেন, "এসব ফোরামে বক্তব্য দেওয়ার জন্য আমরা বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে থাকি। এতে লোকসভার সদস্যরা ওয়াকিবহাল হয়ে ওঠেন।" সোমনাথ ১৯৭১ সাল থেকে এ নিয়ে পরপর দশবার লোকসভার সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের নবম জাতীয় সংসদে নির্বাচিত অনেক সংসদ সদস্যই এবারই প্রথমবারের মতো সাংসদ হয়েছেন যাদের সংসদীয় রীতিনীতি সম্পর্কে অভিজ্ঞতা নেই। বিগত দুই বছরের রাজনৈতিক ঘটনাপ্রবাহের জেরে অনেক পুরনো নেতা ও সাংসদ এবার মনোনয়ন পাননি বা নির্বাচিত হতে ব্যর্থ হন। সোমনাথ আরো বলেন, " পার্লামেন্টে উস্কানিমূলক বক্তব্য দেওয়া ভাল নয়। বারবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করাও ভাল নয়।" বিডিনিউজ ২৪ ডটকম/কেআরসি/এজে/টিআর/এসকে/১৯৪০ঘ.