ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বলেছেন, নিরপেক্ষভাবে কাজ করলে রাষ্ট্রপতিকে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর সাংবাদিকদের এ কথা বলেন বিরোধী দলের চিফ হুইপ।
জয়নাল আবদীন বলেন, "আমরা জিল্লুর রহমানকে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছি। এখন আমরা আবার তাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। এ অভিজ্ঞতা কাজে লাগালে তিনি দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে ভালো ভূমিকা রাখতে পারেন।"
নতুন রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে কাজ করলে বিএনপি তাকে সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান তিনি।
শপথ অনুষ্ঠানে বিএনপি'র পক্ষ থেকে বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/এএল/এইচএ/২০১৪ ঘ.
bdnews24