২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অবৈধ সম্পদের মামলায় আটকদের জামিন হওয়া উচিত নয়'

সম্পত্তির হিসাব না দেওয়া এবং অবৈধভাবে সম্পত্তি অর্জনের মামলায় আটকদের জামিন হওয়া উচিত নয় বলে মত দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির হিসাব না দেওয়া এবং অবৈধভাবে সম্পত্তি অর্জনের মামলায় আটকদের জামিন হওয়া উচিত নয় বলে মত দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে আইন ও বিচার ব্যবস্থার সংস্কার জরুরি বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার দুদক কার্যালয়ে কমিশনের উপ-সহকারী পরিচালকদের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের গোলাম রহমান বলেন, "সম্পত্তির হিসাব না দেওয়ার (নন সাবমিশন) মামলা এবং অবৈধভাবে সম্পত্তি অর্জনের মামলায় কেউ আটক হলে তার জামিন হওয়া উচিত নয়। আশা করি, এ বিষয়ে সরকার পদক্ষেপ নেবে। " কমিশনের চেয়ারম্যান আরো বলেন, "দুর্নীতির অভিযোগে অনেকের বিরুদ্ধে অসংখ্য মামলা হচ্ছে। কিন্তু দুর্নীতির দায়ে তেমন কেউ শাস্তি পাচ্ছে না। যারা দুর্নীতি পরায়ন তারা দীর্ঘ আইনের প্রক্রিয়ায় একে একে বের হয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আইন ও বিচার ব্যবস্থার সংস্কার জরুরি।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজের ক্ষেত্রে কোন বাধার সম্মুখীন হচ্ছেন না তিনি। স্বাধীনভাবে কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে গোলাম রহমান বলেন, দুদক একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। এর কর্মকান্ডের প্রতি জনগণের যেমন সমর্থন রয়েছে, তেমনি বতমান সরকারেরও সমর্থন রয়েছে। আমরা যেন অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ না করি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও দুদক যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে এডিবির ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক পল জে হেইটস, বিএপিটিসির মহাপরিচালক দেলোয়ার হোসেন, দুদকের দুই কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনযুর মান্নান প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এইচএ/২১৫৫ ঘ.