সুনামগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি'র সম্মেলনে দু'গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
উপজেলা গণ মিলনায়তনে বুধবার সন্ধ্যায় সম্মেলন চলাকালে বিএনপি নেতা আনিসুল হক ও নুরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'র (ড্যাব) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. রফিক চৌধুরী, তাহিরপুর উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, দৈনিক প্রথম আলোর তাাহিরপুর প্রতিনিধি গোলাম সারওয়ার লিটন, ভোরের কাগজের প্রতিনিধি শিপুল আহমদ।
গোলাম সারওয়ার লিটন ও শিপুল আহমদকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক বলেন, সন্ধ্যায় উপজেলা বিএনপি'র কমিটি গঠন নিয়ে দু'গ্রুপের সমর্থকরা কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাহিরপুর থানার ওসি জানে আলম বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24