চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন শিবির নেতাকর্মী সোমবার জামিন পেয়েছেন।
চমেক শাখা শিবিরের সভাপতি সাজ্জাদুর রহমান একথা নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
চমেক বন্ধ ঘোষণার পর রোববার দুপুরে ছাত্র শিবিরের কর্মীরা বহিরাগত সন্ত্রাসী নিয়ে প্রধান ছাত্রাবাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে সরকারি হাজী মোহাম্মদ মোহসিন কলেজ শাখা শিবিরের সভাপতি মশরুর হোসাইনসহ ওই তিন শিবির কর্মীকে আটক করে।
এদিকে, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদি হয়ে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, এ মামলায় শাখা শিবির নেতা মশরুর, কর্মী রুশো ও রাজিবসহ অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়।
শনিবার এমবিবিএস কোর্সে ভর্তি হতে আসা নতুন শিক্ষার্থীদের দলে ভেড়ানো এবং কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবির-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/১৯৪৮ঘ.
bdnews24