সব মামলায় জামিন পেয়ে মুক্ত জনকণ্ঠ সম্পাদক
সবকটি মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পেয়েছেন দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ।
কয়েকটি দুর্নীতি মামলায় আতিকউল্লাহ খানের মোট ৪৮ বছর সাজা হয়েছে।
এক বছর ১০ মাস সাত দিন কারাগারে থাকার পর মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান।
১৩ জানুয়ারি আয়কর সংক্রান্ত পৃথক দুটি মামলা বাতিলের হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখায় ও জামিন মঞ্জুর করার পর আতিকউল্লাহ মাসুদের মুক্তির বিষয়টি ছিল সময়ের ব্যাপার।
২০০৭ সালের ৭ মার্চ যৌথ বাহিনী তাকে জনকণ্ঠ ভবন থেকে গ্রেপ্তার করে। ইতোমধ্যে কয়েকটি দুর্নীতি মামলায় আতিকউল্লাহ খানের মোট ৪৮ বছর সাজা হয়েছে।
সন্ধ্যায় প্রিজন সেল থেকে বের হওয়ার পরপরই শতশত 'সমর্থক' ফুলের তোড়া দিয়ে এবং ফুল ছিটিয়ে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত এ সম্পাদককে শুভেচ্ছা জানান।
এ সময় স্ত্রী শামীমা এ খান ,আওয়ামী লীগ সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক জোট সরকারের ভূমি উপমন্ত্রী রহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোসেন মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অপরাধে ২০০৮ সালের ৩ এপ্রিল আতিকউল্লাহ খানকে ১৩ বছরের সাজা দেয় বিশেষ আদালত। এছাড়া ভবনের নকশা জালিয়াতির পাঁচটি মামলায় ৭ বছর করে মোট ৩৫ বছর সাজা হয় হয় তার।
গত বছরের ১৮ ডিসেম্বর নকশা জালিয়াতির দুটি মামলায় তিনি জামিন পান। পরে বাকি মামলাগুলোতেও জামিন হয় তার।
