২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কে আসবে-কে আসবে না, তা দেখা বাদ দিয়ে নির্বাচন দিন: আশরাফুল

অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কে নির্বাচনে আসবে, আর কে আসবে না- তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 10:57 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কে নির্বাচনে আসবে, আর কে আসবে না- তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়।

সোমবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এদিকে উপজেলা নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে জাতীয় নির্বাচন এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।

দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে এ কর্মসূচির দিন-ক্ষণ ঠিক হবে বলে আশরাফুল ইসলাম জানান।

গত ২৭ আগস্ট আরেক প্রধান দল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আমরা চাই, নির্বাচন কমিশন তাদের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করুক। নির্বাচনে কোন দল আসবে, আর কোন দল আসবে না- তা দেখা তাদের দায়িত্ব নয়।"

জরুরি অবস্থা তুলে নিয়ে আগামী নভেম্বর মাসে জাতীয় নির্বাচন দাবি করেন আশরাফুল ইসলাম।

তিনি বলেন, "নভেম্বরে জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচন হলে আমাদের কোনও আপত্তি থাকবে না। আর জরুরি অবস্থায় কোনও নির্বাচনই জাতীয় কিংবা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।"

সরকার ও নির্বাচন কমিশন (ইসি) উভয় পক্ষ থেকেই ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আর এর আগে অক্টোবরে ভোটার তালিকা হয়েছে এমন সাড়ে তিনশ উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। তবে আওয়ামী লীগ ও বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল উপজেলা নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

দলীয় প্রধান শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবি জানিয়ে আশরাফুল ইসলাম বলেন, "শেখ হাসিনাকে মুক্তি দিতেই হবে এবং তার নেতৃত্বেই আওয়ামী লীগ নির্বাচনে যাবে।"

সাময়িক মুক্তি নিয়ে শেখ হাসিনা চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তুলে নেওয়ার দাবি জানিয়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কারও কোনও অপরাধ নেই। রাজনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্যই এই মামলাগুলো দেওয়া হয়েছে।"

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট অটুট রয়েছে দাবি করে সৈয়দ আশরাফুল বলেন, "আমাদের জোট সক্রিয় রয়েছে। ইসির সঙ্গে সংলাপের আগে জোটভুক্ত সব দলের সঙ্গে আওয়ামী লীগ আলোচনা করবে।"

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনা এবং রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের দুই দিনব্যাপী এ বৈঠক সোমবার দুপুরে শেষ হয়।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এসকে/১৬৫২ঘ.