২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো 'পাতানো নির্বাচনে' বিএনপি যাবে না: দেলোয়ার

কোনো 'পাতানো নির্বাচনে' বিএনপি যাবে না বলে সরকারকে আবারও জানিয়ে দিলেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। জাতীয় সংসদ নির্বাচন প্রথমে অনুষ্ঠানের নিশ্চয়তা পেলে মুক্ত নেত্রীকে নিয়েই সরকারের সঙ্গে সংলাপে যাওয়ার আশাও পুনর্ব্যক্ত করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--কোনো 'পাতানো নির্বাচনে' বিএনপি যাবে না বলে সরকারকে আবারও জানিয়ে দিলেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। জাতীয় সংসদ নির্বাচন প্রথমে অনুষ্ঠানের নিশ্চয়তা পেলে মুক্ত নেত্রীকে নিয়েই সরকারের সঙ্গে সংলাপে যাওয়ার আশাও পুনর্ব্যক্ত করেন তিনি। রোববার সন্ধ্যায় দলের এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার। মহানগর নাট্যমঞ্চে ' বিএনপির তিন দশক ঃ শহীদ জিয়া ও খালেদা জিয়া ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার বলেন,'' বিএনপি নির্বাচনমুখী দল। সংসদ নির্বাচন আগে হলে খালেদা জিয়াকে নিয়েই আমরা সরকারের সঙ্গে সংলাপ করতে প্রস্তুত। কিন্তু ষড়যন্ত্রের নীল নকশায় অন্য কোনো পাতানো নির্বাচনে বিএনপি যাবে না।'' জরুরি অবস্থা প্রত্যাহারের করে সব দলের অংশ গ্রহণে নির্বাচনের দাবি পূনরুল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন,'' এ সরকার গত ১৮ মাসে দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। পর্বত সমান সমস্যা সৃষ্টি করেছে। তারা সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এ সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে একটি নির্বাচিত সরকার।'' দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের মুক্তিতে 'বিলম্বে' উদ্বেগ প্রকাশ করে দেলোয়ার বলেন,'' সরকারের কাছে অনুরোধ থাকবে, "তারেকের সব জামিনের আদেশের অনুলিপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছলে আর যাতে কোনো বাধার সৃষ্টি করা না হয়।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন,'' ১৯৮১ সালে বিএনপি বিভক্ত হওয়ার পর আবার যখন ঐক্যবদ্ধ হয়েছিল, তখন অপরাজেয় বিএনপি সৃষ্টি হয়েছিল। ২০০৮ সালে এই দলে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে , তা দুর করে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে।'' দলের স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, সহসভাপতি অধ্যাপিকা সারোয়ারী রহমান, এ কে আনোয়ার, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন ড. সদরুল আমিন, সাংবাদিক আমানুল্লাহ কবীর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০১ঘ.