ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অক্টোবরেই নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং প্রয়োজন হলে উপজেলা নির্বাচনের আগাম তারিখ ঘোষণা করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য মোস্তাক আহমেদ সেন্টুর স্মরণে শনিবার দুপুরে এক আলোচনা সভায় আমু এ দাবি জানান।
'শহীদ সেন্টু স্মৃতি পরিষদ' পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে।
২১ আগস্ট নিহতদের স্মরণে শুক্রবার মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভাতেও আমু অক্টোবরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে নির্বাচনের দাবি জানান।
শহীদ সেন্টুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, "আমরা সবার আগে জাতীয় নির্বাচন চাই। এছাড়া অন্য কোনো নির্বাচন চাই না। ডিসেম্বরে নয়, অক্টোবরেই জাতীয় নির্বাচন দিন। দরকার হলে উপজেলা নির্বাচনের আগাম তারিখ ঘোষণা করুন।"
'প্রতিবিপ্লবীরা' দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বলেও এসময় মন্তব্য করেন তিনি।
সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান নিলুর সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য দেন সেন্টুর স্ত্রী বেগম মোস্তাক আহমেদ বেবী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজমা রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৫৩৩ঘ.
bdnews24